। ইবনু ‘আব্বাস (রাযি.) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেনঃ ‘লাববাইকা আন শুবরুমা।’ তিনি জিজ্ঞেস করলেনঃ শুবরুমা কে? লোকটি বললো, আমার ভাই কিংবা আমার বন্ধু। তিনি বললেনঃ তুমি কি নিজের হজ (হজ্জ) করেছো? সে বললো, না। তিনি বললেনঃ প্রথমে তোমার নিজের হজ (হজ্জ) আদায় করে নাও, তারপর শুবরুমার পক্ষ থেকে হজ (হজ্জ) করো।[1] সহীহ।
সুনান আবু দাউদ
অধ্যায় ১১: The Rites of Hajj (Kitab Al-Manasik Wa'l-Hajj)
হাদিস ১৭২১–২০৪৫ · ৩২৫টি
। ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাযি.) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তালবিয়া ছিলোঃ ‘‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা, ইন্নাল হামদা ওয়ান-নি‘মাতা লাকা ওয়াল-মুলকা লা শারীকা লাকা।’’ নাফি‘ (রহ.) বলেনঃ আব্দুল্লাহ ইবনু উমার (রাযি.) তার তালবিয়ার মধ্যে বর্ধিত করতেনঃ হে রব! আমি উপস্থিত (তিনবার) এবং সৌভাগ্য ও করুণা আপনার হাতেই এবং আকর্ষণ আপনাতেই। আমাদের কাজের প্রতিদানও আপনার অনুগ্রহের উপর নির্ভরশীল।[1] সহীহ।
। জাবির ইবনু আব্দুল্লাহ (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধলেন। অতঃপর বর্ণনাকারী ইবনু উমার বর্ণিত হাদীসের তালবিয়ার উল্লেখ করেন। বর্ণনাকারী বলেন, লোকেরা তালবিয়াতে ‘যাল-মা‘আরিজ’ ইত্যাদি বাক্য বলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনতেন, অথচ তিনি তাদেরকে কিছুই বলতেন না।
। খাল্লাদ ইবনুস সাঈব আল-আনসারী (রহ.) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার কাছে জিবরীল (আঃ) এসে নির্দেশ দিলেন, আমি যেন আমার সাহাবী এবং যারা আমার সাথে রয়েছে তাদেরকে আদেশ করি, তারা যেন তাদের ‘ইহলাল’ বা ‘তালবিয়া’ যে কোনো একটি উঁচু আওয়াজে পাঠ করে।'[1] সহীহ।
। আল-ফাদল ইবনু ‘আব্বাস (রাযি.) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ করার পূর্ব পর্যন্ত তালবিয়া পড়েছেন।[1] সহীহ।
। ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাযি.) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সকালে মিনা থেকে আরাফার দিকে রওয়ানা হই। তখন আমাদের মধ্যে কেউ তালবিয়া পাঠ করেছেন এবং কেউ তাকবীর পাঠ করেছেন।[1] সহীহ।
। ইবনু ‘আব্বাস (রাযি.) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ‘উমরা আদায়কারী ‘হাজরে আসওয়াদ’ চুম্বন করা পর্যন্ত তালবিয়া পড়তে থাকবে। ইমাম আবূ দাঊদ (রহ.) বলেন, ‘আব্দুল মালিক ইবনুল সুলাইমান এবং হাম্মাম (রহ.) ‘আতা (রহ.) থেকে ইবনু ‘আব্বাস (রাযি.) সূত্রে এটি ‘মাওকুফ’ হিসেবে বর্ণনা করেছেন।[1] দুর্বলঃ আল-জামি‘উস সাগীর (৬৪৪৩), মিশকাত (২৬১৫), যঈফ সুনান আত-তিরমিযী (১৫৮/৯২৮)।
। আসমা বিনতু আবূ বাকর (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে রওয়ানা হলাম। আমরা আল-আরজ নামক স্থানে পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রাবিরতি করেন এবং আমরাও যাত্রাবিরতি করি। ‘আয়িশাহ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাশে বসলেন আর আমি আমার পিতা আবূ বাকর (রাযি.)-এর পাশে বসি। আবূ বাকর (রাযি.) এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মালপত্র একত্রে একটি উটের পিঠে আবূ বাকর (রাযি.)-এর এক ক্রীতদাসের নিকট ছিলো। আবূ বাকর (রাযি.) তার আগমনের অপেক্ষা ছিলেন। এমন সময় সে হাযির হলো, কিন্তু তার সাথে উট ছিলো না। তিনি জিজ্ঞেস করলেন, তোমার উট কোথায়? সে বললো, গতরাতে তা আমি হারিয়ে ফেলেছি। বর্ণনাকারী বলেন, আবূ বাকর (রাযি.) বললেন, একটি মাত্র উট, সেটাও হারিয়ে ফেললে? এই বলে তিনি তাকে মারধর করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেনঃ তোমরা এই ইহরামধারীর লোকটির দিকে দেখো, সে কি করছে? ইবনু আবূ রিযমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে শুধু বললেন, তোমরা এ মুহরিম লোকটির দিকে দেখো, সে কি করছে।’’[1] হাসান।
। সাফওয়ান ইবনু ইয়ালা ইবনু উমাইয়্যাহ (রহ.) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। এক ব্যক্তি আল-জি‘ইররানা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমাতে উপস্থিত হলো। ঐ ব্যক্তির শরীরে খালুক হলুদ রংয়ের কিছুটা চিহ্ন ছিলো এবং পরনে ছিলো জুব্বা। সে বললো, হে আল্লাহর রাসূল! আপনি আমার ‘উমরা কিভাবে করতে বলেন? এ সময় মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর ওয়াহী অবতীর্ণ করেন। তাঁর থেকে ওয়াহী অবতীর্ণ হবার অবস্থা দূরীভূত হলে তিনি বললেনঃ যে লোকটি ‘উমরা সম্পর্কে জিজ্ঞেস করেছিল সে কোথায়? তোমার শরীর থেকে খালূক অথবা হলুদ রংয়ের চিহ্ন ধুয়ে ফেলো, তোমার পরিহিত জুব্বাটি খুলে ফেলো এবং হজের (হজ্জের) মধ্যে যা কিছু করেছো ‘উমরাতেও তাই করো।[1] সহীহ।
। সাফওয়ান ইবনু ইয়ালা (রহ.) থেকে তার পিতার সূত্রে অনুরূপ ঘটনা বর্ণিত। তাতে আরো রয়েছেঃ অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ তোমার জুব্বাটি খুলে ফেলো। ফলে সে তার মাথার দিক থেকে জুব্বাটি খুলে ফেললো। অতঃপর বর্ণনাকারী পূর্ণ হাদীসটি বর্ণনা করেছেন।[1] সহীহ, তবে তার এ কথাটি বাদেঃ ‘‘তার মাথার দিক থেকে।’’ কেননা এ অংশটুকু মুনকার।
। সাফওয়ান ইবনু ইয়া‘লা ইবনু মুনাব্বিহ (রহ.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, তিনি তার পিতা থেকে এ হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুব্বাটি খুলে ফেলার নির্দেশ দেন এবং সুগন্ধির স্থান দুই বা তিনবার ধুয়ে ফেলতে বললেন। অতঃপর বর্ণনাকারী পূর্ণ হাদীস বর্ণনা করেছেন।[1] সহীহ।
। সাফওয়ান ইবনু ইয়া‘লা ইবনু উমাইয়্যাহ (রহ.) তার পিতা সূত্রে বর্ণনা করেন। এক ব্যক্তি আল-জি‘ইররানা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসলো। সে ‘উমরার জন্য এমন অবস্থায় ইহরাম বেঁধেছে যে, তার গায়ে জুব্বা ছিলো এবং তার চুল ও দাঁড়ি ছিলো হলুদ রংয়ে রঞ্জিত। অতঃপর বর্ণনাকারী পূর্ণ হাদীসটি বর্ণনা করেন।[1] সহীহ।
। সালিম (রহ.) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলো, মুহরিম ব্যক্তি কি ধরণের কাপড় পরিহার করবে? তিনি বললেনঃ মুহরিম ব্যক্তি জামা, টুপি, পায়জামা, পাগড়ী জাফরান অথবা ওয়ারাস মাখা কোনো কাপড় ও মোজা পরবে না। তবে যার জুতা নেই সে মোজা পরতে পারে। কিন্তু মোজা দু‘টি সে এমনভাবে কেটে নিবে যাতে তা গোছাদ্বয়ের নীচে থাকে।[1] সহীহ।
। ইবনু ‘উমার (রাযি.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্ব বর্ণিত হাদীসের সমার্থবোধক হাদীস বর্ণনা করেছেন।[1] সহীহ।
। ইবনু ‘উমার (রাযি.) থেকে নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্ব বর্ণিত হাদীসের অর্থানুরূপ বর্ণিত। তাতে অতিরিক্ত রয়েছেঃ ‘মুহরিম নারী মুখাবরণ পরিধান করতে পারবে না, হাত মোজাও পরতে পারবে না।[1] সহীহ। ইমাম আবূ দাঊদ (রহ.) বলেন, হাদীসটি হাকিম ইবনু ইসমাঈল ... বিভিন্ন সূত্রে ইবনু ‘উমার (রাযি.) থেকে মাওকুফভাবে বর্ণিত আছে এবং মারফূভাবেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মুহরিম নারী মুখাবরণ ও হাত মোজা পরবে না।
। ইবনু ‘উমার (রাযি.) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মুহরিমা মুখাবরণ ও হাত মোজা পরবে না।[1] সহীহ।
। ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ইহরাম অবস্থায় নারীদের হাত মোজা ও মুখমন্ডলের নিকাব ঝুলাতে এবং ‘ওয়ারস’ ঘাস ও জাফরান মিশ্রিত কাপড় পরতে নিষেধ করতে শুনেছেন। তবে এগুলো বাদে অন্য কাপড় পরতে পারবে, যদিও তা রেশমী, কারুকার্য খচিত পায়জামা বা জামা কিংবা মোজা হয়।[1] হাসান সহীহ।
। ইবনু ‘উমার (রাযি.) সূত্রে বর্ণিত। একদা তিনি খুব শীত অনুভব করায় নাফি‘কে বললেনঃ আমাকে একখানা কাপড় দিয়ে ঢেকে দাও। আমি বোরকা সদৃশ্য একটি জুব্বা তাঁর উপর বিছিয়ে দিলাম। তিনি বললেন, তুমি এটা আমার উপর বিছালে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম ব্যক্তিকে এটা পরতে নিষেধ করেছেন।[1] সহীহ।
। ইবনু ‘আব্বাস (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ মুহরিম ব্যক্তির লুঙ্গি না থাকলে সে পায়জামা পরবে, জুতা না থাকলে সে মোজা পরবে।[1] সহীহ।
। ‘আয়িশা বিনতু তালহা (রহ.) সূত্রে বর্ণিত। উম্মুল মু‘মিনীন ‘আয়িশাহ (রাঃ) তাকে বলেছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে (মদীনা থেকে) মক্কায় সফর করেছি এবং ইহরামের সময় আমরা আমাদের পরিধেয় বস্ত্রে উত্তম সুগন্ধি মেখেছি। আমাদের কেউ ঘর্মাক্ত হলে তা মুখমন্ডল বেয়ে পড়তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখতেন কিন্তু তা ব্যবহার করতে নিষেধ করতেন না।[1] সহীহ।
। সালিম (রহ.) সূত্রে বর্ণিত। ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাযি.) মুহরিম নারীর জন্য মোজার উপরের অংশ কেটে ব্যবহারের অনুমতি দিতেন। পরে সাফিয়্যাহ বিনতু আবূ ‘উবাইদ (রহ.) তাকে বর্ণনা করেন যে, ‘আয়িশাহ (রাঃ) তাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মোজা পরার অনুমতি দিয়েছেন। এরপর তিনি তা কর্তন করা বাদ দেন।[1] হাসান।
। আবূ ইসহাক (রহ.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আল-বারাআ (রাযি.)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়াবাসীর সাথে সন্ধি করার সময় তাদের সাথে এই সন্ধি করলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবীরা কেবল কোষবদ্ধ তলোয়ার নিয়ে (মক্কায়) প্রবেশ করতে পারবে। বর্ণনাকারী বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘জুলবানুসসালাহ’ কি? তিনি বললেন, কোষবদ্ধ তলোয়ার।[1] সহীহ।
। ‘আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, অনেক কাফেলা আমাদের পাশ দিয়ে অতিক্রম করছিল। তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ইহরাম অবস্থায় ছিলাম। তারা আমাদের সামনা-সামনি আসলে আমাদের নারীরা নিজ মুখাবরণ মাথা থেকে নামিয়ে নিজ মুখমন্ডল ঢেকে ফেলতেন। অতঃপর তারা অতিক্রম করে চলে গেলে আমরা মুখ খুলতাম।
। উম্মুল হুসাইন (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে বিদায় হজে (হজ্জে) উপস্থিত ছিলাম। আমি উসামা ও বিলাল (রাযি.)-কে দেখলাম, তাদের একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উষ্ট্রীর লাগাম ধরে আছেন এবং অপরজন ‘জামরাতুল আকাবায়’ কংকর নিক্ষেপ করা পর্যন্ত তার কাপড় উঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রোদের তাপ থেকে ছায়া দিতে রয়েছেন।[1] সহীহ।
। ইবনু ‘আব্বাস (রাযি.) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম অবস্থায় রক্তমোক্ষণ করিয়েছেন।[1] সহীহ।
। ইবনু ‘আব্বাস (রাযি.) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোনো রোগের কারণে মুহরিম অবস্থায় তাঁর মাথায় রক্তমোক্ষণ করিয়েছেন।[1] সহীহ।
। আনাস (রাযি.) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাথার কারণে ইহরাম অবস্থায় তাঁর পায়ের উপরিভাগে রক্তমোক্ষণ করিয়েছেন। ইবনু আবূ আরুবাহ (রহ.) কাতাদাহ (রহ.) থেকে এটি মুরসালভাবে বর্ণনা করেছেন।[1] সহীহ।
। নুবাইহ্ ইবনু ওয়াহাব (রহ.) সূত্রে বর্ণিত। ‘উমার ইবনু ‘উবাইদুল্লাহ ইবনু মা‘মারের চোখের অসুখ হলো। তিনি আবান ইবনু ‘উসমান (রাযি.)-এর কাছে জানতে চেয়ে পাঠালেন, এখন কি করণীয়? সুফিয়ান বলেন, তিনি (আবান) ছিলেন আমীরুল হজ্জ। তিনি বললেন, ‘সাবার’ নামক তিতা গাছের রস চোখে লাগাও। কেননা আমি ‘উসমান (রাযি.)-কে এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে হাদীস বর্ণনা করতে শুনেছি।[1] সহীহ।
। নাফি‘ (রহ.) থেকে নুবাইহ্ ইবনু ওয়াহাব (রহ.) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।[1] আমি এটি সহীহ এবং যঈফে পাইনি।
। ইবরাহীম ইবনু ‘আব্দুল্লাহ ইবনু হুনাইন (রহ.) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। ‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস ও আল-মিসওয়ার ইবনু মাখরামাহ (রাযি.)-এর মধ্যে আল-আবওয়া নামক স্থানে মতবিরোধ দেখা দিলে ‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযি.) বলেন, মুহরিম ব্যক্তি মাথা ধুতে পারবে। আর মিসওয়ার (রাযি.) বলেন, মুহরিম ব্যক্তি মাথা ধুতে পারবে না। সুতরাং এ বিষয়ে জানার জন্য ‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযি.) ‘আব্দুল্লাহ ইবনু হুনাইনকে আবূ আইয়ুব আল-আনসারী (রাযি.)-এর কাছে প্রেরণ করেন। তিনি গিয়ে তাকে দুই খুঁটির মাঝখানে একখানা কাপড়ের আড়ালে গোসল করতে দেখলেন। তিনি বলেন, আমি তাকে সালাম দিলে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি বললাম, আমি ‘আব্দুল্লাহ ইবনু হুনাইন। ‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযি.) আমাকে আপনার কাছে জানতে পাঠিয়েছেন যে, মুহরিম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাথা কিভাবে ধুতেন? ইবনু হুনাইন বলেন, আবূ আইয়ুব (রাযি.) তার হাত কাপড়ের উপর রেখে তা নীচু করলেন, এমনকি আমি তার মাথা দেখতে পেলাম। এরপর তিনি এক ব্যক্তিকে তার মাথায় পানি ঢালতে বললে সে পানি ঢালতে থাকলো। তখন তিনি মাথার চুলে দুই হাত দিয়ে একবার সামনে আনলেন, আবার পিছনে নিলেন। অতঃপর বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ করতে দেখেছি।[1] সহীহ।