hridoy24.com

সুনান ইবনে মাজাহ

অধ্যায় ২৭: Chapters on Slaughtering

হাদিস ৩১৬২–৩১৯৯ · ৩৮টি

হাদিস ৩১৯২সহিহ

। আবূ ইসহাক আশ-শায়বানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে আবূ আওফা (রাঃ) এর নিকট গৃহপালিত গাধার গোশত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, খায়বারের যুদ্ধকালে আমরা দুর্ভিক্ষে পতিত হই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। লোকেরা মদীনার (শহরের) বাইরে কিছু গাধা পেলো। আমরা তা যবেহ করলাম। আমাদের হাঁড়িতে গোশত টগবগ করে ফুটছিল। ইতোমধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষক ঘোষণা করলো যে, গোশতের পাতিলগুলো উল্টে ফেলে দাও এবং গাধার গোশত থেকে মোটেও খেও না। অতএব আমরা পাতিলগুলো উল্টে ফেলে দিলাম। আমি আবদুল্লাহ ইবনে আবূ আওফা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, তিনি কি তা চূড়ান্তভাবে হারাম করেছেন? রাবী বলেন, আপনি আমাদের জানিয়ে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কি বিষ্ঠা খাওয়ার কারণে হারাম করেছেন?

হাদিস ৩১৯৩সহিহ

। আল-মিকদাম ইবনে মাদীকারিব আল-কিন্দী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো জিনিস হারাম ঘোষণা করেন, তার মধ্যে গৃহপালিত গাধার কথাও উল্লেখ করেন।

হাদিস ৩১৯৪সহিহ

। বারাআ ইবনে আযেব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পৃহপালিত গাধার কাঁচা গোশত ও রান্না করা গোশত সব ফেলে দেয়ার নির্দেশ দেন। পরবর্তী কালে তিনি আর তা (খাওয়ার ) হুকুম দেননি।

হাদিস ৩১৯৫সহিহ

। সালামা ইবনুল আকওয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খায়বারের যুদ্ধ করেছি। সন্ধ্যা হলে লোকেরা চুলায় আগুন ধরালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেনঃ তোমরা কী রান্না করছো? তারা বলেন, গৃহপালিত গাধার গোশত। তিনি বলেন, হাঁড়িতে যা আছে তা ফেলে দাও এবং হাঁড়িগুলো ভেঙ্গে ফেলো। দলের মধ্যকার এক ব্যক্তি বললো, হাঁড়ির মধ্যে যা আছে আমরা কি তা ফেলে দিয়ে হাঁড়ি ধুয়ে নিতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আচ্ছা! তাই করো।

হাদিস ৩১৯৬সহিহ

। আনাস মালেক (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘোষক ঘোষণা করলেনঃ নিশ্চিতভাবে আল্লাহ ও তাঁর রাসূল তোমাদেরকে গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। কারণ তা নাপাক।

হাদিস ৩১৯৭সহিহ (সনদ)

। জাবির বিন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ঘোড়ার গোশত আহার করতাম। আমি (আতা) বললাম, খচ্চরের গোশত? তিনি বলেন, না।

হাদিস ৩১৯৮যঈফ

। খালিদ ইবনুল ওয়ালীদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত, খচ্চরের গোশত ও গাধার গোশত খেতে নিষেধ করেছেন।

হাদিস ৩১৯৯সহিহ

। আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গর্ভবতী পশুর পেটের বাচ্চা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেনঃ তোমরা ইচ্ছা করলে তা খেতে পারো। কেননা তার মায়ের যবেহ তার যবেহ-এর জন্য যথেষ্ট।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।