hridoy24.com

সুনান ইবনে মাজাহ

অধ্যায় ৫: Establishing the Prayer and the Sunnah Regarding Them

হাদিস ৮০৩–১৪৩২ · ৬৩০টি

হাদিস ১২৮৩সহিহ

। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে সুরা আলা ও সূরাহ গাশিয়া পড়তেন।

হাদিস ১২৮৪হাসান

। আবূ কাহিল (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাহচর্য লাভ করেন। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটি উষ্ট্রীর পিঠে আরোহিত অবস্থায় খুতবাহ দিতে দেখেছি। এক হাবশী গোলাম উষ্ট্রীর লাগাম ধরে রেখেছিল।

হাদিস ১২৮৫হাসান

। আবূ কাহিল কায়েস ইবনু আইয (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটি সুন্দর উষ্ট্রীর পিঠে আরোহিত অবস্থায় খুতবা দিতে দেখেছি। এক হাবশী গোলাম তার লাগাম ধরে রেখেছিলস।

হাদিস ১২৮৬সহিহ

। সালামাহ ইবনু নুবাইত (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি হাজ্জ (হজ্জ) করেন এবং বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর উটের পিঠে আরোহিত অবস্থায় খুতবাহ দিতে দেখেছি।

হাদিস ১২৮৭যঈফ

। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুয়াযযিন সা’দ থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ খুতবাহ্য় বেশি বেশি তাকবীর বলতেন এবং তিনি দু ঈদের খুতবাহ্য় আরো অধিক সংখ্যায় তাকবীর বলতেন।

হাদিস ১২৮৮সহিহ

। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বের হতেন এবং লোকেদের নিয়ে দু রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করতেন, তারপর সালাম ফিরাতেন। এরপর তিনি তাঁর উভয় পায়ের উপর দাঁড়িয়ে উপবিষ্ট লোকেদের দিকে মুখ করে বলতেনঃ তোমরা দান-খয়রাত করো, তোমরা দান-খয়রাত করো। দান-খয়রাতকারীদের অধিকাংশই ছিল মহিলা। তারা কানবালা, আংটি ও অন্যান্য জিনিস দান করে। তিনি যদি কোথাও সামরিক বাহিনী প্রেরণ করা জরুরী মনে করতেন, তাহলে তাদের উদ্দেশে সে সম্পর্কে আলোচনা করতেন, অন্যথায় ফিরে আসতেন।

হাদিস ১২৮৯মুনকার

। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন অথবা ঈদুল আযহার দিন বের হলেন। অতঃপর তিনি (সালাত (নামায/নামাজ) শেষে) দাঁড়িয়ে খুতবাহ দেন, তারপর কিছুক্ষণ বসার পর পুনরায় দাঁড়িয়ে খুতবাহ দেন।

হাদিস ১২৯০সহিহ

। আবদুল্লাহ ইবনুুস সাইব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উপস্থিত ছিলাম। তিনি আমাদের নিয়ে ঈদের সালাত (নামায/নামাজ) পড়েন, অতঃপর বলেনঃ আমরা সালাত আদায় করেছি। অতএব যে পছন্দ করে সে খুতবাহর জন্য বসুক এবং যে চলে যেতে পছন্দ করে সে চলে যাক।

হাদিস ১২৯১সহিহ

। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এসে লোকেদের সাথে সালাত (নামায/নামাজ) পড়েন। তিনি ঈদের সালাতের পূর্বে বা পরে (নফল) সালাত পড়েননি।

হাদিস ১২৯২সহিহ

। আমর ইবনু শুআইব (রহঃ) থেকে পর্যাযক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের আগে বা পরে (নফল) সালাত (নামায/নামাজ) পড়েননি।

হাদিস ১২৯৩হাসান

। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের আগে কোন সালাত (নামায/নামাজ) আদায় করতে না। তবে তিনি তাঁর বাড়িতে ফিরে আসার পর দু রাকআত সালাত আদায় করতেন।

হাদিস ১২৯৪হাসান

। সা’দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদব্রজে ঈদগাহে যেতেন এবং পদব্রজেই ঈদগাহ থেকে ফিরে আসতেন।

হাদিস ১২৯৫হাসান

। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদব্রজেই ঈদগাহে যেতেন এবং পদব্রজেই ফিরে আসতেন।

হাদিস ১২৯৬হাসান

। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাতের অন্তর্ভুক্ত।

হাদিস ১২৯৭হাসান

। আবূ রাফি থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদব্রজে ঈদগাহে আসতেন।

হাদিস ১২৯৮যঈফ

। আম্মার বিন সা’দ থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দু ঈদের সালাতের জন্য বের হতেন, তখন সাঈদ ইবনু আবূল আস (রাঃ) এর ঘরের নিকট দিয়ে আসহাবে ফাসাতীত-এর দিক থেকে ঈদগাহে যেতেন। ফেরার পথে তিনি বনূ যরাইহ্কের পথ ধরে, আম্মার ইবনু ইয়াসির ও আবূ হুরাইরাহ -এর ঘরের সম্মুখ দিয়ে বালাত নামক স্থানের দিকে আসতেন।

হাদিস ১২৯৯সহিহ

। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি এক রাস্তা দিয়ে ঈদের মাঠে যেতেন এবং ভিন্ন রাস্তা দিয়ে ফিরে আসতেন। তার মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন।

হাদিস ১৩০০সহিহ

। আবূ রাফি (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ঈদের মাঠে আসতেন এবং ভিন্ন পথে প্রত্যাবর্তন করতেন।

হাদিস ১৩০১সহিহ

। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে ঈদের মাঠে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করতেন।

হাদিস ১৩০২যঈফ

। আমির (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়াদ আল-আশআরী আনবার নামক এলাকায় ঈদের সালাতে উপস্থিত হন। তিনি বলেন, আমি তোমাদেরকে দফ বাজাতে দেখছি না কেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে তা বাজানো হতো?

হাদিস ১৩০৩যঈফ

। কায়েস ইবনু সা’দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যমানায় যা কিছু ঘটেছে তা আমি দেখেছি। একটি বিষয় আমি অবশ্যই দেখেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সময়ে ঈদুল ফিতরের দিন দফ বাজানো হতো। ২/১৩০৩(১) আবূল হাসান ইবনু সালামাহ আল-কাত্তান, ইবনু দীযীল, আদম, শাইবান, জাবির, (পুনরায়) ইসরাঈল, জাবির, (পুনরায়) ইব্রাহীম ইবনু নাসর, আবূ নুআয়ম, শারীক, আবূ ইসহাক, আমির (রহ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে।

হাদিস ১৩০৪সহিহ

। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ভোরবেলা ঈদগাহে যেতেন এবং তাঁর আগে আগে একটি বর্শা বহন করা হতো। তিনি ঈদগাহে পৌঁছলে তাঁর সামনে বর্শাটি পুঁতে দেয়া হতো। তিনি সেদিকে ফিরে সালাত (নামায/নামাজ) আদায় করতেন। এ ছিল সেই সময়কার ঘটনা, যখন ঈদগাহ ছিলো খোলা মাঠ। তাতে এমন কিছু ছিল না যাকে সুতরা বানানো যেত।

হাদিস ১৩০৫সহিহ

। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ঈদের সালাত (নামায/নামাজ) অথবা অন্য কোন সালাত (নামায/নামাজ) আদায়কালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একটি বল্লম পুঁতে দেয়া হতো। তিনি সেদিকে ফিরে সালাত আদায় করতেন, লোকেরা তাঁর পেছনে থাকতো। নাফি (রহ) বলেন, তাঁর অনুসরণে শাসকগণ এ পদ্ধতি অবলম্বন করেন।

হাদিস ১৩০৬সহিহ

। আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে বর্শা দ্বারা সুতরা করে সালাত (নামায/নামাজ) আদায় করতেন।

হাদিস ১৩০৭সহিহ

। উম্মু আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন (ঈদের মাঠে) মহিলাদের নিয়ে যাওয়ার নির্দেশ দেন। উম্মু আতিয়্যা(রাঃ) বলেন, আমরা বললাম, তাদের কারো যদি চাঁদর না থাকে, তার ব্যাপারে আপনার কী মত? তিনি বলেনঃ তার বোন নিজ চাঁদর থেকে তাকে পরাবে।

হাদিস ১৩০৮সহিহ

। উম্মু আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা নাবালেগা ও বালেগা সকল মহিলাকে ঈদের মাঠে নিয়ে আসবে, যাতে তারা ঈদের নামাযে এবং মুসলিমদের দুআয় শরীক হতে পারে। তবে ঋতুবতী মহিলারা যেন ঈদের মাঠে যাওয়া থেকে বিরত থাকে।

হাদিস ১৩০৯যঈফ

। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কন্যাদের ও স্ত্রীদের দু ঈদের সালাতে নিয়ে যেতেন।

হাদিস ১৩১০সহিহ

। ইয়াস ইবনু আবূ রামলা আশ-শামী (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক ব্যক্তিকে যায়দ ইবনু আকরাম (রাঃ) এর নিকট জিজ্ঞেস করতে শুনেছিঃ একই দিন দু ঈদে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে উপস্থিত ছিলেন? তিনি বলেন, হ্যাঁ। সে বললো, তিনি কিভাবে কী করতেন? যায়দ (রাঃ) বলেন, তিনি ঈদের সালাত (নামায/নামাজ) পড়ার পর জুমুআহর সালাতের ব্যাপারে অবকাশ দিতেন। অতঃপর যার ইচ্ছা হতো সে জুমুআহর সালাত আদায় করতো।

হাদিস ১৩১১সহিহ

। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের আজকের এ দিন দু ঈদ একত্র হয়েছে। অতএব যার ইচ্ছা সে জুমুআহর সালাত (নামায/নামাজ) ছেড়ে দিতে পারে। ইনশাআল্লাহ আমরা অবশ্যই জুমুআহর সালাত পড়বো। ২/১৩১১ (১) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের আজকের এই দিন দু ঈদ একত্র হয়েছে। অতএব যার ইচ্ছা সে জুমুআহর সালাত ছেড়ে দিতে পারে। ইনশাআল্লাহ আমরা অবশ্যই জুমুআহর সালাত আদায় করব।

হাদিস ১৩১২সহিহ

। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যমানায় একবার দু ঈদ একত্র হলো। তিনি লোকেদের নিয়ে ঈদের সালাত (নামায/নামাজ) পড়ার পর বলেনঃ যে ব্যক্তি জুমুআহর সালাতে আসতে চায় সে আসুক এবং যে চলে যেতে চায় সে চলে যাক (এবং যোহরের সালাত পড়ুক)।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।