hridoy24.com

সহীহ মুসলিম

অধ্যায় ৩৩: The Book on Government

হাদিস ৪৭০১–৪৯৬৭ · ২৫৭টি

হাদিস ৪৮২৯সহিহ

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় দিবসে তথা মাক্কাহ বিজয়ের দিন বলেছেন, আর হিজরাত নেই (হিজরাতের অবকাশ বাকী নেই) বরং এখন আছে জিহাদ আর নেক-নিয়্যাত। আর যখন তোমাদেরকে জিহাদে বের হওয়ার জন্য আহ্বান জানানো হয়, তখন তোমরা (জিহাদের উদ্দেশে) বের হয়ে যাও। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৭৬, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৩০সহিহ

(…/...) আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, আবূ কুরায়ব, ইসহাক ইবনু মানসূর, ইবনু রাফি’, ‘আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... মানসূর (রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৭৭, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৩১সহিহ

মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আয়িশাহ্ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হিজরাত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তখন তিনি বললেন, (মাক্কাহ্) বিজয়ের পর আর হিজরাত নেই, তবে জিহাদ ও নিয়্যাত রয়েছে। যখন তোমাদেরকে জিহাদে বের হওয়ার জন্য ডাক দেয়া হয়, তখন তোমরা বের হয়ে যাও। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৭৮, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৩২সহিহ

আবূ বকর ইবনু খাল্লাদ বাহিলী (রহঃ) ..... আবূ সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত যে একদা জনৈক বেদুঈন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হিজরাত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ওহে! তোমার জন্য আফসোস! হিজরাতের অবস্থা তো কঠিন ব্যাপার। তোমার কাছে কি উট আছে? সে বলল, হ্যাঁ! তিনি বললেন, তুমি কি তার যাকাত দিয়ে থাকো? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তুমি দরিয়ার ওপার থেকেই 'আমল করে যাও, কেননা আল্লাহ তা'আলা তোমার কোন আমলই বিফল করে দিবেন না। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৭৯, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৩৩সহিহ

আবদুল্লাহ ইবনু আবদুর রহমান (রহঃ) ..... আওযাঈ (রহঃ) হতে এ সানাদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি (আবদুল্লাহ) বলেন, নিশ্চয় আল্লাহ তোমার কোন আমলই নিস্ফল হতে দিবেন না। তিনি এ হাদীসে আরও অতিরিক্ত বর্ণনা করেছেন, রসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি পানি পান করানোর দিন ওগুলোকে (উটনীগুলোকে) দোহন করে থাকো? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৮০, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৩৪সহিহ

আবূ তাহির আহমাদ ইবনু 'আমর ইবনু সারহ (রহঃ) ..... নবী সহধর্মিণী আয়িশাহ্ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মুমিন মহিলাগণ যখন হিজরাত করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে (মাদীনায়) আসতেন তখন আল্লাহ তা'আলার বাণী অনুযায়ী পরীক্ষা করা হতো। (সে বাণী হচ্ছে) "হে নবী। যখন মুমিন মহিলাগণ আপনার কাছে এ মর্মে বাই’আত হতে আসে যে তারা আল্লাহর সাথে অপর কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না ..." (সূরাহ মুমতাহিনাহ্ ৬০ঃ ১২) আয়াতের শেষ পর্যন্ত। আয়িশাহ্ (রাযিঃ) বলেন, মু'মিন মহিলাদের যে কেউ এসব অঙ্গীকারাবদ্ধ হতো এতেই তারা বাই’আতের অঙ্গীকারে আবদ্ধ হয়েছে বলে গণ্য হতো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন তারা মৌখিকভাবে এসব অঙ্গীকার করতো তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলতেন, তোমরা চলে যাও, তোমাদের বাই’আত গ্রহণ করা হয়েছে। আল্লাহর কসম! রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত কোন দিন কোন (অপরিচিত) মহিলার হাতকে স্পর্শ করেনি। তবে তিনি মৌখিকভাবে বাই’আত গ্রহণ করতেন। আয়িশাহ (রাযিঃ) বলেন, আল্লাহর কসম আল্লাহর নির্দেশিত পথ ছাড়া রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন মহিলাদের ওয়াদা গ্রহণ করেননি এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত কোন দিন কোন (অপরিচিত) মহিলার হাত স্পর্শ করেনি। তাদের ওয়াদাবদ্ধ হওয়ার পরই তিনি মৌখিকভাবে বলে দিতেন, তোমাদের বাই’আত গ্রহণ করলাম। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৮১, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৩৫সহিহ

হারূন ইবনু সাঈদ আইলী ও আবূ তাহির (রহঃ) ..... উরওয়াহ (রহঃ) হতে বর্ণিত যে, আয়িশাহ (রাযিঃ) তাকে মহিলাদের বাই’আত সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন তার হাত দিয়ে কোন (বেগানা) মহিলাকে স্পর্শ করেননি, তবে তিনি মৌখিকভাবে তাদের বাই’আত গ্রহণ করতেন। আর যখন তিনি তাদের মৌখিক অঙ্গীকার নিয়ে নিতেন তখন (মুখেই) বলে দিতেন, এবার চলে যেতে পার, আমি তোমাদের বাই’আত নিয়েছি। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৮২, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৩৬সহিহ

ইয়াহইয়া ইবনু আইয়্যুব, কুতাইবাহ ও ইবনু হুজুর (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শ্রবণ করার ও অনুকরণের (আনুগত্যের) বাই’আত গ্রহণ করতাম। তিনি আমাদেরকে বলে দিতেন, যতদূর তোমাদের সাধ্যে কুলাবে (তা পালন করবে)। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৮৩, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৩৭সহিহ

মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ দিবসে (যুদ্ধে) আমাকে পর্যবেক্ষণ করলেন তখন আমার বয়স চৌদ্দ বছর। তিনি আমাকে (যুদ্ধের জন্য) অনুমতি দিলেন না। খন্দকের দিন তিনি আমাকে পর্যবেক্ষণ করলেন। তখন আমার বয়স পনের বছর। তিনি আমাকে (যুদ্ধে গমনের) অনুমতি দিলেন। নাফি' বলেন, আমি 'উমার ইবনু আবদুল আযীয (রহঃ) এর খিদমাতে উপস্থিত হয়ে এ হাদীস তার নিকট বর্ণনা করলাম। তিনি তখন খলীফা ছিলেন। তিনি বললেন, এটাই হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ও প্রাপ্ত বয়স্কদের সীমারেখা। তিনি তার প্রশাসনিক কর্মকর্তাদের কাছে এ মর্মে ঘোষণা দিলেন, তারা যেন পনের বছর বয়সের লোকদেরকে ভাতা প্রদান করেন এবং তার কম বয়সের যারা তাদেরকে অপ্রাপ্ত বয়স্ক বলে নির্ধারণ করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৮৪, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৩৮সহিহ

আবূ বাকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ও মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... উবাইদুল্লাহ থেকে উক্ত সূত্রে এ হাদীসখানা বর্ণনা করেছেন। তবে তাদের বর্ণিত হাদীসে আছে, আমি তখন চৌদ্দ বছরের। তাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ছোট বলে গণ্য করলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৮৫, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৩৯সহিহ

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) .... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, শত্রু এলাকায় কুরআন মাজীদ নিয়ে ভ্রমণ করতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৮৬, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৪০সহিহ

কুতাইবাহ ও ইবনু রুমূহ (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু উমর (রাযিঃ) এর সূত্রে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্র দেশে কুরআন নিয়ে সফর করতে বারণ করতেন এই ভয়ে যে, তা শক্ররা পেয়ে যাবে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৮৭, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৪১সহিহ

আবূ রাবী' আতাকী ও আবূ কামিল (রহ) .… ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কুরআন মজীদ নিয়ে সফর করবে না, কেননা শক্র থেকে আমি তা নিরাপদ মনে করি না। রাবী আইয়্যুব (রাযিঃ) বলেন, শক্ররা হস্তগত করে তোমাদের সাথে তা নিয়ে বিবাদে প্রবৃত্ত হতে পারে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৮৮, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৪২সহিহ

(…/...) যুহায়র ইবনু হারব, ইবনু আবূ উমর ও ইবনু রফি (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হাদীসের মধ্যবর্তী রাবী ইবনু উলাইয়াহ ও সাকাফীর বর্ণনায় فَإِنِّي أَخَافُ এবং আমি আশংকা করি রয়েছে। আর সানদের জন্য সূত্রের মধ্যবর্তী রাবী সুফইয়ান ও যাহহাক ইবনু উসমানের বর্ণনায় مَخَافَةَ أَنْ يَنَالَهُ الْعَدُوُّ দুশমন পেয়ে যাবে এ আশংকায়' কথাটি রয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৮৯, ইসলামিক সেন্টার ৪৬৯০/ক)

হাদিস ৪৮৪৩সহিহ

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামীমী (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াসমূহের দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করেন হাফইয়া থেকে সানিয়াতুল বিদা পর্যন্ত। আর যে ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দেয়া হয়নি সেগুলোর দৌড়ের প্রতিযোগিতার ব্যবস্থা করান সানিয়া থেকে মসজিদে বানু যুৱায়ক পর্যন্ত। ইবনু উমর (রাযিঃ)-ও ছিলেন সে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৯০, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৪৪সহিহ

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, মুহাম্মাদ ইবনু রুমূহ, কুতাইবাহ ইবনু সাঈদ, খালাফ ইবনু হিশাম, আবূ রাবী', আবূ কামিল, যুহায়র ইবনু হারব, ইবনু নুমায়র, আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, মুহাম্মাদ ইবনু মুসান্না, উবাইদুল্লাহ ইবনু সাঈদ, আলী ইবনু হুজুর, আহমাদ ইবনু আবদাল্লাহ, ইবনু আবূ উমার, মুহাম্মাদ ইবনু রাফি, হারূন ইবনু সাঈদ আইলী (রহঃ) সকলেই নাফি' (রহঃ) সূত্রে আবদুল্লাহ ইবনু উমর (রাযিঃ) থেকে পূর্ববর্তী হাদীস বর্ণনা করেছেন। তবে হাম্মাদ ও ইবনু উলাইয়্যাহ সূত্রে আইয়্যুব (রহঃ) বর্ণিত হাদীসে এতটুকু বেশী বর্ণিত হয়েছে যে, আবদুল্লাহ (ইবনু উমার) বলেন, আমি সে প্রতিযোগিতায় প্রথম হই এবং আমার ঘোড়াটি আমাকে নিয়ে লাফিয়ে মসজিদে উঠে যায়। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৯১, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৪৫সহিহ

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ..... ইবনু উমর (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঘোড়ার ললাটে কল্যাণ কিয়ামত পর্যন্ত নিহিত থাকবে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৯২, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৪৬সহিহ

কুতাইবাহ, ইবনু রুমূহ, আবূ বকর ইবনু আবূ শাইবাহ, ইবনু নুমায়র, উবাইদুল্লাহ ইবনু সাঈদ ও হারূন ইবনু সাঈদ আইলী (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামথেকে মালিক (রহঃ) এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৯৩, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৪৭সহিহ

নাসর ইবনু আলী জাহযামী ও সালিহ্ ইবনু হাতিম ইবনু ওয়ারদান (রহঃ) ..... জারীর ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার হাতের আঙ্গুল দিয়ে একটি ঘোড়ার ললাটের কেশ বিন্যাস করতে দেখলাম আর তিনি তখন বলছিলেন, ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত কল্যাণ নিহিত রয়েছে। অর্থাৎ, প্রতিদান ও গনীমাত। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৯৪, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৪৮সহিহ

যুহায়র ইবনু হারব ও আবূ বকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) থেকে এ সানাদে অনুরূপ বর্ণনা করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৯৫, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৪৯সহিহ

মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... উরওয়াহ আল বারিকী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেঃ ঘোড়ার ললাটে কিয়ামতের দিন পর্যন্ত কল্যাণ নিহিত আছে। আর তা হল প্রতিদান ও গনীমাত। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৯৬, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৫০সহিহ

(…) আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ..... উরওয়াহ বারিকী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কল্যাণ পেচিয়ে রাখা হয়েছে ঘোড়ার ললাটের সাথে। রাবী বলেন, তখন তাকে বলা হলো, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কিসের দ্বারা? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, সাওয়াব এবং গনীমাত কিয়ামত দিবস পর্যন্ত। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৯৭, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৫১সহিহ

ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... হুসায়ন (রহঃ) হতে এ সানাদে বর্ণনা করেন, তবে তিনি "উরওয়াহ ইবনু জা'দ" উল্লেখ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৯৮, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৫২সহিহ

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, খালাফ ইবনু হিশাম ও আবূ বকর ইবনু আবূ শাইবাহ, ইসহাক ইবনু ইবরাহীম ও ইবনু আবূ উমর (রহঃ) ..... উরওয়াহ আল বারিকী (রাযিঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। (এ সানাদের রাবী শাবীব ইবনু গারকাদাহ) সাওয়াব ও গনীমাতের কথা উল্লেখ করেননি। (তবে আবূল আহওয়াসের বর্ণনায় আছে।) আর আবূ সুফইয়ানের বর্ণনায় রয়েছে যে, তিনি উরওয়াহ বারিকী (রাযিঃ) থেকে শুনেছেন, তিনি শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৯৯, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৫৩সহিহ

(…) উবাইদুল্লাহ ইবনু মুআয (রহঃ) ..... উরওয়াহ্ ইবনু জা'দ (রাযিঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন, কিন্তু তাতে তিনি সাওয়াব ও গনীমাতের উল্লেখ করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৪৭০০, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৫৪সহিহ

উবাইদুল্লাহ ইবনু মুআয (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বারাকাত রয়েছে ঘোড়ার কপালে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৭০১, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৫৫সহিহ

(…/…) ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ..... আবূ তাইয়্যাহ্ (রহঃ) আনাস ইবনু মালিক (রাযিঃ) কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করতে শুনেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৭০২, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৫৬সহিহ

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, যুহায়র ইবনু হারব ও আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 'শিকাল' ঘোড়া পছন্দ করতেন না। (ইসলামিক ফাউন্ডেশন ৪৭০৩, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৫৭সহিহ

(….) মুহাম্মাদ ইবনু নুমায়র ও আবদুর রহমান ইবনু বিশর (রহঃ) ..... সুফইয়ান (রহঃ) হতে বর্ণিত। সুফইয়ান (রহঃ) এর সূত্রে বর্ণিত রিওয়ায়াতে বর্ধিত এতটুকু আছে এবং শিকাল হচ্ছে ঘোড়ার ডান পায়ে ও বাম হাতে (আগের পায়ে) অথবা ডান হাত ও বাম পায়ে শ্বেত বর্ণ হওয়া। (ইসলামিক ফাউন্ডেশন ৪৭০৪, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮৫৮সহিহ

মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... ওয়াকী’ বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস আবূ হুরাইরাহ (রাযিঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে রিওয়ায়াত করেন। ওয়াহ্‌ব বর্ণিত সানাদে আবদুল্লাহ ইবনু ইয়াযীদের পরে নাখ'ঈ' শব্দটি ছাড়াই বর্ণনা করা হয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৭০৫, ইসলামিক সেন্টার)

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।