hridoy24.com

সুনান আন-নাসাঈ

অধ্যায় ২০: The Book of Qiyam Al-Lail (The Night Prayer) and Voluntary Prayers During the Day

হাদিস ১৫৯৮–১৮১৭ · ২২০টি

হাদিস ১৬৮৮সহিহ

। কুতায়বা (রহঃ) ... সাঈদ ইবনু ইয়াসার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে ইবনু উমর (রাঃ) বলেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তার উটের উপরও বিতরের সালাত আদায় করে নিতেন।

হাদিস ১৬৮৯সহিহ

। মুহাম্মদ ইবনু ইয়াহয়া (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিতরের সালাত শেয রাত্রে (পূর্বের আদায়কৃত সালাত এর সাথে মিলিত) একটি রাকআত।

হাদিস ১৬৯০সহিহ

। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... ইবনু উমর (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, বিতরের সালাত শেষ রাত্রে (আদায়কৃত সালাত সমুহের সাথে মিলিত) একটি রাকআত।

হাদিস ১৬৯১সহিহ

। হাসান ইবনু মুহাম্মাদ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, জনৈক গ্রাম্য ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রাত্রের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাত্রের সালাত দু’রাকআত দু’রাকআত করে আদায় করবে এবং বিতরের সালাত, শেষ রাত্রে (পূর্বের আদায়কৃত সালাত সমূহের সাথে মিলিত) একটি রাকআত।

হাদিস ১৬৯২সহিহ

। রবী ইবনু সুলায়মান (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) সুত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, রাত্রের সালাত হল দু’রাকআত, দু’রাকআত। যখন তুমি ফিরে যেতে চাও তখন একটি রাকআত আদায় করে নাও, যা তোমার পুর্বের আদায়কৃত সমুদয় সালাতকে বেজোড় বানিয়ে নেবে।

হাদিস ১৬৯৩সহিহ (সনদ)

। কুতায়বা (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রের সালাত হল দু’রাকআত, দু’রাকআত। আর বিতরের সালাত হল (রাতে আদায়কৃত সালাত সমূহের সাথে মিলিত) একটি রাকআত।

হাদিস ১৬৯৪সহিহ

। মুহাম্মাদ ইবনু সালামা এবং হারিছ ইবনু মিসকীন (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রাত্রের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাত্রের সালাত হল দু’রাকআত, দু’রাকআত। যখন তোমাদের কেউ ভোর হয়ে যাওয়ার আশংকা করবে তখন একটি রাকআত আদায় করে নেবে, যা (তার পূর্বে আদায়কৃত সমুদয় সালাতকে) রেজোড় বানিয়ে দেবে।

হাদিস ১৬৯৫সহিহ

। উবায়দুল্লাহ ইবনু ফাদালাহ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ রাত্রের সালাত হল দু’রাকআত, দু’রাকআত। যখন তোমরা ভোর হয়ে যাওয়ার আশংকা করবে তখন একটি রাকআত দ্বারা (পুর্বের আদায়কৃত সমুদয় সালাতকে) বেজোড় বানিয়ে নেবে।

হাদিস ১৬৯৬শায

। ইসহাক ইবনু মানসূর (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এগার রাকআত সালাত আদায় করতেন। (পূর্ববর্তী দু'টি রাকআতকে) একটি রাকআত দ্বারা বেজোড় বানিয়ে নিতেন। তারপর তার ডান পার্শ্বে শুয়ে পড়তেন।

হাদিস ১৬৯৭সহিহ

। মুহাম্মদ ইবনু সালামা এবং হারিছ ইবনু মিসকীন (রহঃ) ... আবূ সালামা ইবনু আব্দুর রহমান (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি আয়িশা (রাঃ) কে জিজ্ঞাসা করেনঃ রমযান মাসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (নফল) সালাত কি রকম ছিল? তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান অথবা অন্য সময়ে রাত্রে এগার রাকআতের বেশী সালাত আদায় করতেন না। তিনি চার রাকআত সালাত আদায় করতেন। (সালাত) তার একাগ্রতা এবং তার সালাত দীর্ঘায়িত করা সমন্ধে কোন প্রশ্ন করো না। তারপর আরও চার রাকআত সালাত দু’আদায় করতেন। তার এ একাগ্রতা এবং সালাত দীর্ঘায়িতকরণ সম্বন্ধে কোন প্রশ্ন করো না। তারপর (মাঝখানে সালাম না ফিরায়ে) আরো তিন রাকআত সালাত আদায় করতেন। আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি কি বিতরের সালাত আদায় করার পূর্বেই নিদ্রা যান? তিনি বললেন, হে আয়িশা! আমার আখি যুগল তো নিদ্রা যায় কিন্তু আমার হদয় নিদ্রা যায় না।

হাদিস ১৬৯৮শায

। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... সা’দ ইবনু হিশাম (রাঃ) থেকে বর্ণিত যে, আয়িশা (রাঃ) তার নিকট বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতে দু’রাকআতে সালাম ফিরাতেন না।

হাদিস ১৬৯৯সহিহ

। আলী ইবনু মায়মূন (রহঃ) ... উবাই ইবনু কা'ব (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাত তিন রাকআত আদায় করতেন। প্রথম রাকআত “সাব্বিহিসমা রাব্বিকাল আলা” দ্বিতীয় রাকআতে “ইয়া আয়্যুহাল কাফিরুন” তৃতীয় রাকআতে “কুল হুওয়াল্লাহু আহাদ” পাঠ করতেন এবং রুকুতে যাওয়ার পুর্বে দোয়ায়ে কুনূত পড়তেন। যখন সালাত শেষ করতে যেতেন তখন তিনি শেষ পর্যন্ত তিনবারسُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ পড়তেন।

হাদিস ১৭০০সহিহ

। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... উবাই ইবনু কা'ব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের প্রথম রাকআতে “সাব্বিহিসমা রাব্বিকাল আলা” দ্বিতীয় রাকআতে “ইয়া আয়্যুহাল কাফিরুন” এবং তৃতীয় রাকআতে “কুল হুওয়াল্লাহু আহাদ” পাঠ করতেন।

হাদিস ১৭০১সহিহ

। ইয়াহইয়া ইবনু মুসা (রহঃ) ... উবাই ইবনু কা’ব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতে “সাব্বিহিসমা রাব্বিকাল আলা” দ্বিতীয় রাকআতে “কুল ইয়া আয়্যুহাল কাফিরুন” এবং শেষ রাকআতে “কুল হুওয়াল্লাহু আহাদ” পাঠ করতেন। আর শুধুমাত্র শেষ রাকআতেই সালাম ফিরাতেন অর্থাৎ সালামের পর তিনবারسُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ বলতেন।

হাদিস ১৭০২সহিহ

। হুসায়ন ইবনু ঈসা (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকআত বিতেরের সালাত আদায় করতেন। প্রথম রাকআত –“সাব্বিহিস্‌মা রাব্বিকাল আলা” দ্বিতীয় রাকআতে “কুল ইয়া আয়্যুহাল কাফিরুন” এবং তৃতীয় রাকআতে “কুলহুয়াল্লাহু আহাদ” পাঠ করতেন।

হাদিস ১৭০৩যঈফ (সনদ)

। আহমদ ইবনু সুলায়মান (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি তিন রাকআত বিতরের সালাত আদায় করতেন “সাব্বিহিস্‌মা রাব্বিকাল আলা”, “ইয়া আয়্যুহাল কাফিরুন” এবং “কুল হুওয়াল্লাহু আহাদ” দ্বারা।

হাদিস ১৭০৪সহিহ

। মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... মুহাম্মাদ ইবনু আলীর দাদা আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে নিদ্রা থেকে জাগ্রত হয়ে গেলেন, তারপর মিসওয়াক করে দু’রাকআত সালাত আদায় করলেন। পরে শুয়ে গেলেন তারপর জাগ্রত হয়ে মিসওয়াক করলেন। অতঃপর উযু করে দু’রাকআত সালাত আদায় করলেন। ছয় রাকআত পর্যন্ত সালাত আদায় করলেন। তারপর তিন রাকআত বিতরের সালাত আদায় করলেন। অতঃপর দু’রাকআত সালাত আদায় করলেন।

হাদিস ১৭০৫সহিহ

। আব্দুল্লাহ ইবনু সুলায়মান (রহঃ) ... মুহাম্মাদ ইবনু আলীর দাদা আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একরাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ছিলাম। তিনি নিদ্রা থেকে জাগ্রত হয়ে উযু এবং মিসওয়াক করে إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لآيَاتٍ لأُولِي الأَلْبَابِ পর্যন্ত পাঠ করলেন। তারপর দু’রাকআত সালাত আদায় করলেন এবং বিছানায় গিয়ে শুয়ে পড়লেন, আমি তার নাক ডাকার শব্দ শুনতে পেলাম। তারপর জাগ্রত হয়ে উযু ও মিসওয়াক করলেন এবং দু’রাকআত সালাত আদায় করলেন। পুনরায় শুয়ে পড়লেন। আবার জাগ্রত হয়ে উযু ও মিসওয়াক করলেন। তারপর দু’রাকআত সালাত আদায় করে তিন রাকাআত বিতর আদায় করলেন।

হাদিস ১৭০৬

। মুহাম্মাদ ইবনু জাবালাহ (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরাত্রে নিদ্রা থেকে জাগ্রত হয়ে গেলেন, তারপর মিসওয়াক করলেন। রাবী হাদীসটি শেষ পর্যন্ত বর্ণনা করলেন।

হাদিস ১৭০৭সহিহ

। হারুন ইবনু আব্দুল্লাহ (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে আট রাকআত (তাহাজ্জুদ) সালাত আদায় করতেন এবং তিন রাকআত বিতরের সালাত আদায় করতেন এবং ফজরের ফরয সালাতের পূর্বে দু’রাকআত (সুন্নাত) সালাত আদায় করতেন।

হাদিস ১৭০৮সহিহ (সনদ)

। আহমদ ইবনু হারব (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তের রাকআত সালাত আদায় করতেন (বিতরের সালাতসহ)। যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন এবং দূর্বলতা এসে গেল তখন তিনি নয় রাকআত সালাত আদায় করতেন।

হাদিস ১৭০৯সহিহ

। আহমদ ইবনু সুলায়মান (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে নয় রাকআত সালাত আদায় করতেন। যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন এবং শরীর ভারী হয়ে গেল, তখন তিনি সাত রাকআত সালাত আদায় করতেন।

হাদিস ১৭১০সহিহ

। আমর ইবনু উসমান (রহঃ) ... আবূ আইয়্যুব (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিতরের সালাত ওয়াজিব। অতএব, যার ইচ্ছা হয় সে সাত রাকআত দ্বারা বেজোড় করে দেবে, আর যে ইচ্ছা করে সে পাঁচ রাকআত দ্বারা বেজোড় করে দেবে। আর যে ইচ্ছা করে সে তিন রাকআত দ্বারা বেজোড় করে দেবে আর যে ইচ্ছা করে সে এক রাকআত দ্বারা বেজোড় করে দেবে।

হাদিস ১৭১১সহিহ

। আব্বাস ইবনু ওয়ালীদ (রহঃ) ... আবূ আইয়ুব (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিতরের সালাত ওয়াজিব। অতএব, যে ইচ্ছা করে সে পাঁচ রাকআত দ্বারা বেজোড় করে দেবে আর যে ইচ্ছা করে সে তিন রাকআত দ্বারা বেজোড় করে দেবে আর যে ইচ্ছা করে সে এক রাকআত দ্বারা বেজোড় করে দেবে। [সহীহ। পূর্বোক্ত হাদীস দ্রষ্টব্য]

হাদিস ১৭১২সহিহ

। রবী ইবনু সুলায়মান (রহঃ) ... আতা ইবনু ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি আবূ আইয়্যুব আনসারী (রাঃ) কে বলতে শুনেছেন যে, বিতরের সালাত ওয়াজিব। অতএব, যে ব্যক্তি পাঁচ রাকআত দ্বারা বেজোড় বানিয়ে দেয়া ভাল মনে করে সে যেন তাই করে। আর যে ব্যক্তি তিন রাকআত দ্বারা বেজোড় বানিয়ে দেয়া ভাল মনে করে, সে যেন তাই করে। আর যে ব্যক্তি এক রাকআত দ্বারা বেজোড় বানিয়ে দেয়া ভাল মনে করে, সে যেন তাই করে।

হাদিস ১৭১৩সহিহ (সনদ)

। হারিস ইবনু মিসকীন (রহঃ) ... আবূ আইয়্যুব (রাঃ) থেকে বর্ণিত। যে ব্যক্তি ইচ্ছা করে সে সাত রাকআত দ্বারা বেজোড় করে দেবে। আর যে ব্যক্তি ইচ্ছা করে সে পাঁচ রাকআত দ্বারা বেজোড় করে দেবে। আর যে ব্যক্তি ইচ্ছা করে সে তিন রাকআত দ্বারা বেজোড় করে দেবে। আর যে ব্যক্তি ইচ্ছা করে সে এক রাকআত দ্বারা বেজোড় করে দেবে, আর যে ব্যাক্তি ইচ্ছা করে সে ভালভাবে ইশারা করবে।

হাদিস ১৭১৪সহিহ

। কুতায়বা (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ রাকআত দ্বারাও বেজোড় করে দিতেন, সাত রাকআত দ্বারাও বেজোড় করে দিতেন। ঐ রাকআতগুলোর মধ্যে সালাম ফিরিয়ে কিংবা কথা বলে সালাতকে বিভক্ত করতেন না।

হাদিস ১৭১৫সহিহ

। কাসিম ইবনু যাকারিয়া (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত রাকআত বা পাঁচ রাকআত দ্বারা সালাতকে বেজোড় করে দিতেন। ঐ রাকাতগুলোর মধ্যে সালাম ফিরিয়ে সালাতকে বিভক্ত করতেন না।

হাদিস ১৭১৬সহিহ

। মুহাম্মাদ ইবনু ইসমাঈল (রহঃ) ... মিকসাম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বেজোড় করণ হবে সাত রাকআত দ্বারা তবে পাঁচ রাকআতের কম দ্বারা নয়। রাবী (হাকাম) বলেন, আমি একথা ইবরাহীম (রহঃ) কে বললে তিনি বললেন, রাবী (মিকসাম) এ হাদীস কার কাছ থেকে বর্ণনা করেছেন? আমি বললাম, আমার জানা নেই। তারপর আমি হজ্জের উদ্দেশ্যে যাত্রা করলে মিকসাম (রহঃ) এর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি তাকে বললাম, আপনি এ হাদীস কার কাছ থেকে বর্ণনা করেছেন? তিনি বললেন, একজন নির্ভরযোগ্য রাবী থেকে। তিনি আয়িশা এবং মায়মুনা (রাঃ) থেকে বর্ণনা করেছেন।

হাদিস ১৭১৭সহিহ

। ইসহাক ইবনু মানসূর (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পাঁচ রাকআত দ্বারাও (সালাতকে) বেজোড় বানিয়ে দিতেন এবং কেবলমাত্র শেষ রাকআতেই বসতেন।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।