hridoy24.com

সুনান আন-নাসাঈ

অধ্যায় ২০: The Book of Qiyam Al-Lail (The Night Prayer) and Voluntary Prayers During the Day

হাদিস ১৫৯৮–১৮১৭ · ২২০টি

হাদিস ১৭৭৮সহিহ

। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... সালিম (রহঃ) থেকে বর্ণিত যে, ইবনু উমর (রাঃ) বলেছেনঃ হাফসা (রাঃ) আমাকে খবর দিয়েছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের (ফরয সালাতের) পুর্বে দু’রাকআত সুন্নাত আদায় করতেন এবং তা সুবহে সাদিক উদয় হওয়ার পরে আদায় করতেন।

হাদিস ১৭৭৯সহিহ

। হুসায়ন ইবনু ঈসা (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হাফসা (রাঃ) আমাকে সংবাদ দিয়েছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিক প্রকাশিত হয়ে গেলে দু’রাকআত ফজরের সুন্নাত আদায় করতেন।

হাদিস ১৭৮০সহিহ

। মাহমূদ ইবনু খালিদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান এবং ইকামাতের মধ্যবর্তী সময়ে সংক্ষিপ্তভাবে দু’রাকআত সুন্নাত আদায় করতেন।

হাদিস ১৭৮১সহিহ

। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... আবূ সালমা (রাঃ) থেকে বর্ণিত যে, আয়িশা (রাঃ)-কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাত্রের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তের রাকআত সালাত আদায় করতেন। প্রথমে আট রাকআত আদায় করতেন। তারপরে বিতরের সালাত আদায় করতেন। অতঃপর বসা অবস্থায় দু’রাকআত সালাত আদায় করতেন। যখন রুকুতে যাওয়ার মনস্থ করতেন দাঁড়িয়ে যেতেন। অতঃপর রুকুতে যেতেন। আর ফজরের আযান এবং ইকামাতের মধ্যবর্তী সময়ে দু’রাকআত সুন্নাত আদায় করতেন।

হাদিস ১৭৮২সহিহ

। আহমদ ইবনু নাসর (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান শুনতে পেলে দু’রাকআত সুন্নাত আদায় করতেন এবং তা সংক্ষিপ্তভাবে আদায় করতেন।

হাদিস ১৭৮৩সহিহ (সনদ)

। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... যুহরী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ) আমাকে খবর দিয়েছেন যে, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে শুরায়হ হাদরামী (রাঃ) এর আলোচনা হলো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কুরআনকে বালিকা বানায় না। (অর্থাৎ সে কুরআন না পড়ে ঘুমায় না বরং যত্নের সঙ্গে সে রাত্রে কুরআন পড়ে থাকে)।

হাদিস ১৭৮৪সহিহ

। কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... সাঈদ ইবনু জুবায়র (রহঃ) এর প্রিয়ভাজন জনৈক ব্যক্তি থেকে বর্ণিত যে, তিনি সাঈদ ইবনু জুবায়র (রহঃ) কে খবর দিয়েছেন, আয়িশা (রাঃ) তাকে অবহিত করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তাহাজ্জুদের সালাতে অভ্যস্থ ব্যক্তির যদি নিদ্রা প্রবল হয়ে যায় (এবং তাহাজ্জুদের সালাত আদায় করতেন না পারে) তাহলে আল্লাহ তা'আলা তার জন্য সালাতের সওয়াব লিখে দেন এবং নিদ্রা তার জন্য সাদকা স্বরূপ হয়ে যায়।

হাদিস ১৭৮৫সহিহ

। আবূ সাঈদ (রহঃ) ... আসওয়াদ ইবনু ইয়াযীদ (রাঃ) সূত্রে আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রে কিছু (নফল) সালাত আদায়ে অভ্যস্থ, যদি কোন রাত্রে তার নিদ্রা প্রবল হয়ে যায় এবং সালাত আদায় না করতে পারে, তাহলে সে নিদ্রা তার জন্য আল্লাহর তরফ থেকে সাদকা স্বরূপ হবে এবং আল্লাহ তার জন্য সালাতের সওয়াব লিখে দিবেন।

হাদিস ১৭৮৬যঈফ

। আহমাদ ইবনু নাসর (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর রাবী পূর্বের হাদীসের ন্যায় উল্লেখ করেছেন।

হাদিস ১৭৮৭সহিহ

। হারুন ইবনু আব্দুল্লাহ (রহঃ) ... আবূ দারদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি অত্র সনদ সূত্রকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌছিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি তাহাজ্জূদের সালাত আদায় করার নিয়তে বিছানায় আসে কিন্তু তার চক্ষুদ্বয় নিদ্রা প্রবল হয়ে যাওয়ায় ভোর পর্যন্ত সে ঘুমিয়ে থাকে, তার জন্য তার নিয়ত অনুসারে সওয়াব লিখা হবে, আর আল্লাহ তা'আলার পক্ষ থেকে তার নিদ্রা তার জন্য সদকা স্বরূপ হয়ে যাবে।

হাদিস ১৭৮৮সহিহ

। সুয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... আবূ দারদা (রাঃ) থেকে মওকুফ সুত্রে বর্ণিত।

হাদিস ১৭৮৯সহিহ

। কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিদ্রা, অসুখ-বিসূখ বা ব্যথা বেদনার কারণে রাত্রে তাহাজ্জ্বুদের সালাত আদায় করতে পারতেন না, তখন তিনি দিনের বেলা বারো রাকআত সালাত আদায় করে নিতেন।

হাদিস ১৭৯০সহিহ

। কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... আব্দুর রহমান ইবনু আব্দুল কারী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমর ইবনু খাত্তাব (রাঃ) কে বলতে শুনেছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিদ্রার কারণে পূর্ণ ওযীফা অথবা তার কিছু অংশ আদায় করতে না পারে সে যেন তা ফজর ও জোহরের সালাতের মধ্যবর্তী সময়ে আদায় করে নেয়। তার জন্য রাত্রে আদায় করার সমপরিমাণ সওয়াব লিখা হবে।

হাদিস ১৭৯১সহিহ

। মুহাম্মদ ইবনু রাফি (রহঃ) ... আব্দুর রহমান ইবনু আবদুল কারী (রহঃ) থেকে বর্ণিত, উমর ইবনু খাত্তাব (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিদ্রার কারণে রাত্রের ওযীফা আদায় করতে পারল না এবং তা ফজর ও জোহরের সালাতের মধ্যবর্তী সময়ে আদায় করে নিল, সে যেন তা রাত্রেই আদায় করল।

হাদিস ১৭৯২সহিহ

। কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... ইবনু উমর খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত, যে ব্যক্তি রাত্রের ওযীফা আদায় করতে পারল না এবং তা সূর্য উদয় হওয়ার সময় থেকে জোহরের সালাতের আগে আগেই কাযা করে নিল, তার সে ওযীফা যেন কাযাই হলো না অথবা সে যেন তা (রাত্রেই) আদায় করল।

হাদিস ১৭৯৩সহিহ

। সুওয়াইদ ইবনু নাসর (রহঃ) ... হুমায়দ ইবনু আব্দুর রহমান থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যাক্তি রাত্রে ওয়ীফা আদায় করতে পারল না। সে যেন তা যোহরের পূর্বে আদায় করে নেয়। কেননা তা রাত্রের সালাতের সমপর্যায়ে গণ্য করা হবে।

হাদিস ১৭৯৪সহিহ

। হাসান ইবনু মানসূর (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিবা রাত্রে বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদা) আদায়ে অভ্যস্থ হয়ে যায় সে জান্নাতে প্রবেশ করবে। জোহরের ফরয সালাতের পূর্বে চার রাকআত এবং পরে দু’রাকআত, দু’রাকআত মাগরিব সালাতের পরে, দু’রাকআত ইশার ফরয সালাতের পরে এবং দু’রাকআত ফজরের ফরয সালাতের পূর্বে।

হাদিস ১৭৯৫সহিহ

। আহমদ ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আয়িশা (রাঃ) সুত্রে থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি দিবা রাত্রে বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদা) আদায়ে অভ্যস্থ হয়ে যায় আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রাখেন। চার রাকআত জোহরের ফরয সালাতের পূর্বে এবং দু’রাকআত জোহরের ফরয সালাতের পরে, দু’রাকআত মাগরিবের ফরয সালাতের পরে, দু’রাকআত ইশার ফরয সালাতের পরে এবং দু’রাকআত ফজরের ফরয সালাতের পূর্বে।

হাদিস ১৭৯৬সহিহ

। মুহাম্মাদ ইবনু মা’দান (রহঃ) ... উম্মে হাবীবা বিনত আবূ সূফিয়ান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যে ব্যক্তি দিবা রাত্রি ফরয সালাত ব্যতীত বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাকাদার) সালাত আদায় করবে আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন।

হাদিস ১৭৯৭সহিহ

। ইবরাহীম ইবনু হাসান (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি আম্বাসা ইবনু আবূ সুফয়ান (রাঃ) এর কাছে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিবা রাত্রি ফরয সালাত ব্যতীত বারো রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন।

হাদিস ১৭৯৮সহিহ

। আয়্যুব ইবনু মুহাম্মাদ (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যে ব্যক্তি দিনে বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন।

হাদিস ১৭৯৯সহিহ (সনদ)

। মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... ইয়া-লা ইবনু উমায়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তায়েফ গিয়ে আম্বাসা ইবনু আবূ সুফিয়ান (রাঃ)-এর কাছে গেলাম। তিনি তখন মৃত্যু শয্যায় ছিলেন। আমি তার মধ্যে (মৃত্যুর) ভীতি লক্ষ্য করে বললাম, ভাল অবস্থাতেই তো আপনার মৃত্যূ হচ্ছে। তিনি বললেন, আমাকে আমার বোন উম্মে হাবীবা (রাঃ) বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিবা রাত্রে বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন।

হাদিস ১৮০০সহিহ

। মুহাম্মদ ইবনু হাতিম (রহঃ) ... উম্মে হাবীবা বিনতে আবূ সুফিয়ান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি দিনে রাত্রে বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে জোহরের ফরয সালাতের আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন।

হাদিস ১৮০১যঈফ (সনদ)

। রবীআ ইবনু সুলায়মান (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বার রাকআত সুন্নাতে (মুওয়াক্কাদার) সালাত যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ তা’আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন, চার রাকআত জোহরের ফরয সালাতের পুর্বে, দু'রাকআত ফরযের পরে, দু'রাকআত আসরের ফরয সালাতের পূর্বে, দু'রাকআত মাগরিবের ফরয সালাতের পরে, দু'রাকআত ফজরের ফরয সালাতের পূর্বে।

হাদিস ১৮০২যঈফ (সনদ)

। আবূল আযহার আহমদ ইবনু আযহার নিশাপুরী (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বার রাকআত (সুন্নাত মুওয়াক্কাদা) সালাত আদায় করবে আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। চার রাকআত জোহরের ফরয সালাতের পূর্বে, দু'রাকআত পরে, দু'রাকআত আসরের ফরয সালাতের পূর্বে, দু’রাকআত মাগরিবের ফরয সালাতের পরে এবং দু'রাকআত ফজরের ফরয সালাতের পূর্বে।

হাদিস ১৮০৩যঈফ (সনদ)

। আহমদ ইবনু সুলায়মান (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি দিবা-রাত্রে বার রাকআত (সূন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে ফরয সালাত ব্যতীত, তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে। চার রাকআত জোহরের ফরয সালাতের পূর্বে, দু'রাকআত ফরযের পরে, দু'রাকআত আসরের ফরয সালাতের পুর্বে, দু'রাকআত মাগরিবের ফরয সালাতের পরে এবং দু'রাকআত ফজরের ফরয সালাতের পুর্বে।

হাদিস ১৮০৪সহিহ

। মুহাম্মাদ ইবনু ইসমাঈল (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি দিবা-রাত্রে বার রাকআত (সুন্নাত মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে।

হাদিস ১৮০৫সহিহ

। আহমদ ইবনু সুলায়মান (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি দিবা রাত্রে বার রাকআত (সুন্নাত মুওয়াক্কাদার) সালাত আদায় করবে ফরয সালাত ব্যতীত, তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে।

হাদিস ১৮০৬সহিহ

। মুহাম্মদ ইবনু হাতিম (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি দিবা রাত্রে ফরয সালাত ব্যতীত বার রাকআত (সূন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন।

হাদিস ১৮০৭সহিহ

। যাকারিয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবূ সালিহ যাকওয়ান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আম্বাসা ইবনু আবূ সূফয়ান (রাঃ) তার কাছে বর্ণনা করেছেন যে, উম্মে হাবীবা (রাঃ) তাকে বলেছেন, যে ব্যক্তি বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।