hridoy24.com

সুনান আন-নাসাঈ

অধ্যায় ২৪: The Book of Hajj

হাদিস ২৬১৯–৩০৮৪ · ৪৬৬টি

হাদিস ২৯১৯সহিহ

কুতায়বা (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন উবায়দ ইবন উমায়ার (রহঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি বললো: হে আবু আবদুর রহমান! আমি আপনাকে এই দু (দু’রুকনে ইয়ামানী) ব্যতীত অন্য কোন স্তম্ভ চুম্বন করতে দেখি না। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ এদের স্পর্শ করা গুনাহ দূর করে দেয় এবং তাঁকে এও বলতে শুনেছি যে, যে ব্যক্তি সাতবার তাওয়াফ করে, সে একটি গোলাম আযাদ করার সাওয়াব পাবে।

হাদিস ২৯২০সহিহ

ইউসূফ ইবন সাঈদ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, কা'বার তাওয়াফ করার সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন লোকের নিকট দিয়ে গমন করছিলেন, যাকে অন্য একজন লোক তার নাকের ভিতরে ঢুকানো রশী ধরে টেনে নিয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তা কেটে ফেললেন, তারপর সেই ব্যক্তিকে হাত ধরে টেনে নিতে বললেন।

হাদিস ২৯২১সহিহ

মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কাছ দিয়ে যান, যাকে অন্য একজন লোক এমন এক বস্তুর সাহায্যে টানছে, যা সে মানত করেছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়ে কেটে ফেললেন এবং বললেনঃ ইহাই মানত।

হাদিস ২৯২২সহিহ

ইউসুফ (রহঃ) ও হারিছ ইবন মিসকীন (রহঃ) ... তাউস (রহঃ) এমন এক ব্যক্তির সূত্রে বর্ণনা করেন যে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাত লাভ করেছেন, তিনি বলেন, বায়তুল্লাহর তাওয়াফ করাও সালাতের ন্যায়। অতএব কথা কমই বলবে। শব্দ ইউসুফের, হানজালা ইবন আবু সুফইয়ান (রহঃ)-এর বর্ণনায় আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ)-এর উল্লেখ করেছেন। যেখানে অপর রাবী হাসান ইবন মুসলিম-এর নাম উল্লেখ করেন নি।

হাদিস ২৯২৩সহিহ (সনদ)

মুহাম্মদ ইবন সুলায়মান (রহঃ) ... তাউস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বলেছেনঃ তোমরা তাওয়াফে কথা কম বলবে। কেননা তোমরা সালাতে রয়েছ।

হাদিস ২৯২৪সহিহ

আবদুল্লাহ্ ইবন মুহাম্মদ ইবন আবদুর রহমান (রহঃ) ... জুবােয়র ইবন মুতায়িম (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে বনু আবদ মানাফা! দিন ও রাতের যে কোন সময় সালাত আদায় করতে এবং এই ঘরের তাওয়াফ করতে কাউকেও নিষেধ করবে না।

হাদিস ২৯২৫সহিহ

মুহাম্মদ ইবন সালামা ও হারিছ ইবন মিসকীন (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বললামঃ আমি অসুস্থ। তিনি বললেনঃ তুমি লোকের পেছনে সওয়ার অবস্থায় তাওয়াফ করবে। তারপর আমি তাওয়াফ করলাম আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কা'বার পাশে সালাত আদায় করছিলেন। সালাতে তিনি 'ওয়াত-তুর ওয়া কিতাবিম-মাসতুর' সূরা পাঠ করছিলেন।

হাদিস ২৯২৬সহিহ

মুহাম্মদ ইবন আদম (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর শপথ! আমি বিদায় তাওয়াফ করিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যখন সালাত আরম্ভ হবে তখন তুমি তােমার উটের উপর থেকে লোকের পেছনে তাওয়াফ করবে। এ হাদীস “উরওয়া (রহঃ) উম্মে সালামা (রাঃ) থেকে শুনেন নি।

হাদিস ২৯২৭সহিহ

উবায়দুল্লাহ্ ইবন সাঈদ (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি মক্কায় আগমন করলেন, তখন তিনি ছিলেন অসুস্থ। তিনি তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বললে তিনি ইরশাদ করলেনঃ তুমি মুসল্লিদের পেছনে সওয়ার অবস্থায় তাওয়াফ করবে। তিনি বললেনঃ আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার নিকট সূরা 'তূর' পড়ছিলেন।

হাদিস ২৯২৮সহিহ

আমর ইবন উসমান (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে কাবার চারপাশে উটের উপর আরোহণ অবস্থায় তাওয়াফ করেন। এসময় তিনি তাঁর হাতের লাঠি দ্বারা রোকন চুম্বন করেন।

হাদিস ২৯২৯সহিহ

আবদা ইবন আবদুল্লাহ (রহঃ) ... যুহায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বয়ান আমাদের নিকট বর্ণনা করেছেন যে, ওয়াবরাহ (রহঃ) তার নিকট বর্ণনা করেছেন যে, আমি আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ)-কে বলতে শুনেছি, তাকে এক ব্যক্তি প্রশ্ন করলো, আমি হজ্জের ইহরাম বেঁধেছি। এখন আমি কি তাওয়াফ করবো? তিনি বললেনঃ তোমাকে কে নিষেধ করেছে? তিনি বললেনঃ আমি দেখেছি আবদুল্লাহ্ ইবন আব্বাস (রাঃ)-কে তা নিষেধ করতে। আর আপনি আমাদের নিকট তার চাইতে অধিক গ্রহণযোগ্য। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হজ্জের ইহরাম করে বায়তুল্লাহর তাওয়াফ করতে এবং সাফা ও মারওয়ার মধ্যে সাঈ করতে দেখেছি।

হাদিস ২৯৩০সহিহ

মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... আমর (রহঃ) বলেন, আমি ইবন উমর (রাঃ)-কে বলতে শুনেছি। আমরা তাঁকে এমন এক ব্যক্তি সম্বন্ধে প্রশ্ন করছিলাম, যে উমরাহ করতে এসে কা'বার তাওয়াফ করে, কিন্তু সাফা ও মারওয়ার সাঈ করেনি। সে কি তার পরিবারের কাছে গমন করবে? তিনি বললেনঃ যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেন, তখন তিনি সাতবার তাওয়াফ করেন এবং মাকামে ইবরাহীমের পেছনে দুই রাকাআত সালাত আদায় করেন এবং সাফা ও মারওয়ার সাঈ করেন। "আর তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে উত্তম আদর্শ রয়েছে।

হাদিস ২৯৩১যঈফ

আহমদ ইবন আযহার (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন আর তাঁর সঙ্গে আমরাও বের হলাম। তিনি যুলহুলায়ফা নামক স্থানে পৌছার পর জোহরের সালাত আদায় করলেন। তারপর তিনি তাঁর সওয়ারীতে আরোহণ করেন, যখন তিনি বায়দা নামক স্থানে পৌঁছলেন তখন তিনি হজ্জ ও উমরাহ উভয়ের তালবিয়া পড়লেন। তাঁর সঙ্গে আমরাও তালবিয়া পড়লাম। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পদার্পণ করেন, আর আমরা তাওয়াফ করলাম, তখন তিনি লোকদের হালাল হতে আদেশ করলেন। এতে তারা ভীত হলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেনঃ যদি আমার সাথে কুরবানীর জন্তু না থাকতো, তা হলে আমিও হালাল হতাম। এরপর লোকেরা হালাল হয়ে গেলেন, এমন কি তাঁরা স্ত্রীর সঙ্গে সংগত হলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম থেকে হালাল হলেন না, আর তিনি কুরবানীর দিন পর্যন্ত চুলও কাটান নি।

হাদিস ২৯৩২সহিহ (সনদ)

মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি হজ্জ ও উমরাহর একত্রে নিয়ত করলেন এবং উভয়ের জন্য এক তাওয়াফ করলেন। তারপর বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ করতে দেখেছি।

হাদিস ২৯৩৩সহিহ

আলী ইবন মায়মুন (রহঃ) ... নাফি' (রহঃ) বলেন, আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) বের হলেন, যখন যুলহুলায়ফায় আগমন করলেন, তখন উমরাহর তালবিয়া পড়লেন, তিনি কিছুক্ষণ চললেন। এরপর তিনি আশংকা করলেন, কেউ হয়তো তাকে কা'বায় পৌঁছতে বাঁধা দিতে পারে। তখন তিনি বললেনঃ যদি আমি বাধাপ্রাপ্ত হই, তাহলে আমি তাই করবো, যা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি বললেনঃ আল্লাহর শপথ! (পথে বাধাপ্রাপ্ত হলে যা করণীয় সে ব্যাপারে) উমরাহ্ এবং হজ্জের একই নিয়ম, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে, আমি উমরাহর সাথে হজ্জেরও নিয়্যত করেছি। এরপর তিনি সামনে অগ্রসর হলেন এবং কুদায়দ নামক স্থানে পৌঁছলেন এবং সেখান থেকে কুরবানীর জন্তু খরিদ করলেন। তারপর মক্কায় আগমন করলেন এবং সাতবার বায়তুল্লাহর তাওয়াফ করেন এবং সাফা ও মারওয়ার সাঈ করলেন এবং বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ করতে দেখেছি।

হাদিস ২৯৩৪সহিহ

ইয়াকুব ইবন ইবরাহীম (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ্ (রাঃ) বলেনঃ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাওয়াফ করেন।

হাদিস ২৯৩৫যঈফ

ইবরাহীম ইবন ইয়াকুব (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামন বলেছেনঃ হাজরে আসওয়াদ জান্নাতী পাথর।

হাদিস ২৯৩৬সহিহ

মাহমুদ ইবন গায়লান (রহঃ) ... সুওয়ায়দ ইবন গাফলাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর (রাঃ) হাজরে আসওয়াদকে চুম্বন করলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেনঃ আমি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তোমার প্রতি সম্মান প্রদর্শন করতে দেখেছি (চুমা দিয়ে এবং স্পর্শ করে)।

হাদিস ২৯৩৭সহিহ

ইসহাক ইন ইবরাহীম (রহঃ) ... আবিস ইবন রবীআ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি উমর (রাঃ)-কে দেখেছি, তিনি হাজরে আসওয়াদের কাছে এসে বললেন, আমি নিশ্চিতরূপে জানি তুমি একখণ্ড পাথর, যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না। তারপর তিনি এর নিকটবর্তী হয়ে তাকে চুম্বন করলেন।

হাদিস ২৯৩৮যঈফ (সনদ)

আমর ইবন উসমান (রহঃ) ... হানযালা (রহঃ) বলেনঃ আমি তাউসকে দেখেছি, তিনি রোকনের কাছ দিয়ে যেতেন, যদি উক্ত স্থানে লােকের ভিড় লক্ষ্য করতেন, তবে চলে যেতেন, ভিড় করতেন না। আর যদি ভিড় শূণ্য পেতেন, তখন তাকে চুম্বন করতেন- তিনবার। তারপর বলতেনঃ আমি ইবন আব্বাস (রাঃ)-কে এরূপ করতে দেখেছি। আর ইবন আব্বাস (রাঃ) বলতেনঃ আমি উমর ইবন খাত্তাব (রাঃ)-কে এরূপ করতে দেখেছি। তিনি (উমর (রাঃ) বলতেনঃ তুমি একখণ্ড পাথর মাত্র, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তােমাকে চুম্বন করতে যদি না দেখতাম, তাহলে আমি তােমাকে চুম্বন করতাম না। তারপর উমর (রাঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ করতে দেখেছি।

হাদিস ২৯৩৯সহিহ

আবদুল আ'লা ইবন ওয়াসিল ইবন আবদুল আ'লা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় শুভাগমন করলেন, তখন তিনি প্রথমে মসজিদে প্রবেশ করে হাজরে আসওয়াদকে চুম্বন করলেন। এরপর এর ডান দিকে গেলেন এবং তিনবার রমল করলেন এবং চারবার স্বাভাবিকভাবে হেঁটে তাওয়াফ করলেন। পরে মাকামে ইবরাহীমে গমন করে বললেনঃ "তােমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থানরূপে গ্রহণ কর।" (সূরা বাকারাঃ ১২৫) এরপর তিনি দুই রাকাত সালাত আদায় করলেন। এ সময় মাকামে ইবরাহীম তার ও বায়তুল্লাহর মধ্যস্থলে ছিল। তারপর তিনি দুই রাকআত সালাত আদায়ের পর বায়তুল্লায় গিয়ে হাজরে আসওয়াদকে চুম্বন করেন, তারপর তিনি সাফার দিকে গমন করেন।

হাদিস ২৯৪০সহিহ

উবায়দুল্লাহ্ ইন সাঈদ (রহঃ) ... নাফি (রহঃ) থেকে বর্ণিত যে, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) তিনবার রমল করতেন এবং চারবার হাঁটতেন, আর তিনি ধারণা করতেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন।

হাদিস ২৯৪১সহিহ

কুতায়বা (রহঃ) .... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ ও উমরায় প্রথমে এসে যে তাওয়াফ করতেন, তাতে তিনি তিনবার সাঈ করতেন, আর চারবার হাঁটতেন। তারপর দুই রাকআত সালাত আদায় করতেন। এরপর সাফা ও মারওয়ায় সাঈ করতেন।

হাদিস ২৯৪২সহিহ

আহমদ ইবন আমর ও সুলায়মান ইবন দাউদ (রহঃ) .... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যান, তখন তিনি প্রথমে হাজরে আসওয়াদ চুম্বন করেন, এবং সাতবার তাওয়াফের মধ্যে প্রথম তিনবার রমল করেন।

হাদিস ২৯৪৩সহিহ

মুহাম্মদ ও আবদুর রহমান (রহঃ) ... নাফি (রহঃ) থেকে বর্ণিত। আবদুল্লাহ ইবন উমর (রাঃ) মক্কায় আগমন করলে, হজ্জ বা উমরায় এলে, তার তাওয়াফে তিনবার রমল করতেন এবং চারবার সাধারণভাবে চলতেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন।

হাদিস ২৯৪৪সহিহ

মুহাম্মদ ইবন সালাম ও হারিস ইন মিসকীন (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হাজরে আসওয়াদ হতে হাজরে আসওয়াদ পর্যন্ত রমল করতে দেখেছি, এমনকি তা তিনি এখানে তিন তাওয়াফ পূর্ণ করেন।

হাদিস ২৯৪৫সহিহ

আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ যখন মক্কায় আগমন করেন, তখন মুশরিকরা বলতে লাগলো, মদীনার জ্বর তাদেরকে দুর্বল করে দিয়েছে, আর সেখানে তাদের অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। আল্লাহ তা'আলা তাঁর নবীকে এ সংবাদ পৌছালে তিনি সাহাবীগণকে রমল করতে আদেশ করেছেন এবং দুই কুকনে ইয়ামানীর মধ্যস্থলে স্বাভাবিকভাবে চলতে বলেন। মুশরিকরা তখন হিজর-এর নিকট ছিল। তারা বলতে লাগলাে। এরা তাে অমুক হতে শক্তিশালী।

হাদিস ২৯৪৬সহিহ

কুতায়বা (রহঃ) ... যুবায়র ইবন 'আরাবী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি ইবন উমর (রাঃ)-কে হাজরে আসওয়াদ চুম্বন সম্বন্ধে জিজ্ঞাসা করলে, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তা চুম্বন করতে দেখেছি এবং স্পর্শ করতে দেখেছি। সে লােকটি বললোঃ আমি অত্যধিক ভিড়ের দরুন বা লােকের মধ্যে তা পর্যন্ত পৌছতে সক্ষম না হলে কি করবো? তখন ইবন উমর (রাঃ) বলেন, যদি এমন হয়, তবে আপনি এসব ইয়ামনে রেখে আসবেন। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে তা স্পর্শ করতে এবং চুম্বন করতে দেখেছি।

হাদিস ২৯৪৭হাসান

মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক তাওয়াফেই রুকনে ইয়ামানী এবং হাজরে আসওয়াদ স্পর্শ করতেন।

হাদিস ২৯৪৮সহিহ

ইসমাঈল ইবন মাসউদ ও মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানী ব্যতীত অন্য কিছু স্পর্শ করতেন না।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।