মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... মুগীরা ইবন শুবা (রাঃ) বলেন, হুযায়ল গোত্রের এক ব্যক্তির দুই স্ত্রী ছিল, একজন অপর নারীর উপর একটি তাঁবুর কাঠ নিক্ষেপ করলে তার গর্ভপাত হয়ে যায়। তখন বলা হয়ঃ কী বলেন, আমরা ঐ বাচ্চার পরিবর্তে দিয়াত দিব, যে খায়নি, পান করে নি, আর না কাঁদতে গিয়ে চিৎকার করেছে? তিনি বললেন, বেদুঈনদের মত ছন্দোবদ্ধ কথা! অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে এক দাস বা দাসী দেওয়ার ফয়সালা দেন। আর তিনি হত্যাকারিণীর আত্মীয়দের উপর দিয়াতের ফয়সালা দেন।
সুনান আন-নাসাঈ
অধ্যায় ৪৫: The Book of Oaths (qasamah), Retaliation and Blood Money
হাদিস ৪৭০৬–৪৮৬৯ · ১৬৪টি
মুহাম্মাদ ইবন রাফে' (রহঃ) ... ইবরাহীম (রহঃ) বলেন, এক নারী তার সতীনকে তার গর্ভাবস্থায় প্রস্তরাঘাত করে হত্যা করে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভস্থ সন্তানের জন্য দিয়াতের ফয়সালা দেন, আর তার দিয়াত হত্যাকারিণীর আত্মীয়দের উপর সাব্যস্ত করেন। তখন তারা বললোঃ যে বাচ্চা পান করেনি, খায়নি এবং ক্রন্দনও করেনি, আমরা তার দিয়াত দেব? এরূপ বাচ্চার হত্যা তো বৃথা যাবে। তিনি বললেনঃ বেদুঈন লোকদের ন্যায় ছন্দযুক্ত কথা! আমি তোমাদেরকে যা বলছি, তাই হবে।
আহমদ ইবন উসমান ইবন হাকীম (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) বলেন, দুই প্রতিবেশী নারীর মধ্যে ঝগড়া হয়। তখন তাদের একজন অপরজনকে প্রস্তরাঘাত করলে সে মারা যায় এবং তার গর্ভের বাচ্চাও পড়ে যায়, যার মাথায় চুল উঠেছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকারিণীর আত্মীয়ের উপর দিয়াত সাব্যস্ত করেন। তখন তার চাচা বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! বাচ্চা পড়ে গেছে যার মাথায় চুল উঠেছে। হত্যাকারিণীর পিতা বললোঃ এই ব্যক্তি মিথ্যাবাদী, আল্লাহর শপথ ঐ বাচ্চা চিৎকার দেয়নি, খায়নি, পান করেনি এরূপ বাচ্চার হত্যা তো বাতিল সাব্যস্ত করা হয়। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ জাহিলী যুগের গণকদের ন্যায় ছন্দোবদ্ধ কথা! নিশ্চয় বাচ্চার পরিবর্তে এক দাস বা দাসী দিতে হবে। ইবন আব্বাস (রাঃ) বলেনঃ তাদের একজনের নাম ছিল মুলায়কা আর অপরজনের নাম ছিল উম্মু গাতীফা।
আব্বাস ইবন আবদুল আযীম (রহঃ) ... জাবির (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের উপর দিয়াত ফরয করেছেন। আর কোন আযাদকৃত দাসের জন্য জায়েয নেই মুক্তিদাতা মনিবের অনুমতি ব্যতীত অন্য কাউকে মনিব স্থির করা।
আমর ইবন উসমান এবং মুহাম্মদ ইবন মুসাফফা (রহঃ) ... আমর ইবন শুআয়ব (রহঃ) তার পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি লোকের চিকিৎসা করে, অথচ সে চিকৎসক হিসেবে পরিচিত নয়, সে (রোগীর জন্য) দায়ী থাকবে।
মাহমূদ ইবন খালিদ (রহঃ) ... আমর ইবন শু'আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... আবূ রিমসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলে তিনি বললেনঃ তোমার সাথে এ কে? তিনি বললেনঃ আমার পুত্র, আপনি এর ব্যাপারে সাক্ষী থাকুন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার অপরাধের জন্য সে দায়ী হবে না, আর না তুমি তার অপরাধের জন্য দায়ী হবে।
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... সালাবা ইবন যাহদাম ইয়ারবু'ঈ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার গোত্রের কিছু লোককে সম্বােধন করে বক্তৃতা দিচ্ছিলেন। তখন তারা বললোঃ ইয়া রাসূলাল্লাহ! ওই যে সালাবা ইবন য়ারবু এর সন্তানেরা, এরা জাহিলী যুগে অমুক ব্যক্তিকে হত্যা করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বলেনঃ শুনে রাখ, একজনের অপরাধ অন্যজনের উপর বর্তায় না।
আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... সালাবা ইবন যাহদাম ইয়ারবু'ঈ গোত্রের এক ব্যক্তির বর্ণনা করেন, তিনি বলেন, একদা সালাবা গোত্রের একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়। তখন তিনি ভাষণ দিচ্ছিলেন। এ অবস্থায় এক ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলাল্লাহ্! এরা বনূ সালাবা ইবন য়ারবু-এর লোক, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের একজনকে হত্যা করেছে। একথা শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কেউ কারোর অপরাধে অপরাধী হবে না।
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... সালাবা ইবন ইয়ারবু গোত্রের এক ব্যাক্তি বর্ণনা করেন, তিনি বলেন একদা সালাবা গোত্রের একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়। তখন এক ব্যক্তি বলেঃ ইয়া রাসূলাল্লাহ! এরা বনূ সালাবা ইয়ারবু-এর লোক, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের একজনকে হত্যা করেছিল। একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কেউ কারো অপরাধে অপরাধী হবে না।
আবু দাউদ (রহঃ) ... আসওয়াদ ইবন হিলাল (রহঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ পেয়ে ছিলেন। তিনি সালাবা ইবন য়ারবু গোত্রের জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেন যে, তাদের কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাথীকে হত্যা করেছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ! ওই যে, বনূ সালাবা, যারা অমুককে হত্যা করেছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ একজনের অপরাধে অন্যজন অপরাধী হবে না। শু’বা বলেন, অর্থাৎ একজনের কারণে অন্যজনকে ধরা হবে না।
কুতায়বা (রহঃ) ... বনী সালাবা ইবন য়ারবু-এর এক ব্যক্তি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হই যখন তিনি কথা বলছিলেন। এক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! এরা সালাবা ইবন য়ারবু গোত্রের লোক, যারা অমুককে হত্যা করেছে। তখন রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন লোক অন্যের অপরাধে অপরাধী হবে না।
হান্নাদ ইবন সারী (রহঃ) ... আশআস (রহঃ) তাঁর পিতা সূত্রে বর্ণনা করেন যে, সালাবা ইবন য়ারবু গোত্রের জনৈক ব্যক্তি বলেছেনঃ আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হলাম। তিনি লোকদের সাথে কথা বলছিলেন। তখন কিছু লোক দাঁড়িয়ে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! এরা অমুক গোত্রের লোক যারা অমুককে হত্যা করেছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ একের অপরাধে অন্য কেউ অপরাধী হবে না।
ইউসুফ ইবন ঈসা (রহঃ) ... তারিক মুহারিবী (রাঃ) বলেন, এক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! এরা সালাবা গোত্রের লোক, যারা জাহিলী যুগে অমুক ব্যক্তিকে হত্যা করেছিল। আপনি আমাদের বদলা নিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হস্তদ্বয় উত্তোলন করেন, এমনকি আমি তাঁর বগলের শুভ্র প্রত্যক্ষ করি। তিনি বলেন, মায়ের অপরাধে পুত্র অপরাধী হবে না, তিনি এটা দু'বার বলেন।
আহমদ ইবন ইবরাহীম ইবন মুহাম্মদ (রহঃ) ... আমর ইবন শু‘আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃষ্টিহীন চক্ষু নিজ স্থানে রয়েছে তা যদি উপড়ে ফেলা হয়, তবে সে ব্যাপারে মীমাংসা দেন যে, তার জন্য এক-তৃতীয়াংশ দিয়াত দিতে হবে। আর যে হাত অবশ হয়ে গেছে, তা কেটে ফেললে হাতের এক-তৃতীয়াংশ দিয়াত দিতে হবে। যে দাঁত কালো হয়ে গেছে, তা উপড়ে ফেললে তার জন্য এক-তৃতীয়াংশ দিয়াত দিতে হবে।
মুহাম্মদ ইবন মুআবিয়া (রহঃ) ... আমর ইবন শুআয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক দাঁতের পরিবর্তে পাঁচ উট দিয়াত দিতে হবে।
হুসায়ন ইবন মানসূর (রহঃ) ... আমর ইবন শু'আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দন্তরাজি সমমানের, প্রত্যেক দাঁতের জন্য পাঁচ-পাঁচ উট দিয়াত দিতে হবে।
আবুল আশআস (রহঃ) ... আবূ মূসা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, প্রত্যেক আঙ্গুলের জন্য দশ-দশটি উট দিয়াত দিতে হবে।
আমর ইবন আলী (রহঃ) ... আবূ মূসা আশ'আরী (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক আঙ্গুলের জন্য দশ উট। দিয়াতের বেলায় সবগুলো সমমানের।
হুসায়ন ইবন মানসূর (রহঃ) ... আবূ মূসা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফয়সালা যে, সব আঙ্গুল সমান, প্রত্যেকটির জন্য দশ উট।
হুসায়ন ইবন মানসূর (রহঃ) ... সাঈদ ইবন মুসাইয়্যেব (রহঃ) বলেন, তিনি যখন সেই লিখিত কাগজ আমর ইবন হাযম-এর সন্তানদের নিকট পান— যে সম্পর্কে তারা বলে থাকে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য তা লিখেছেন, তাতে তিনি লেখা পান যে, প্রতিটি আঙ্গুলের দিয়াত দশটি করে উট।
আমর ইবন আলী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ এইটি ও এইটি অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠা সমান-সমান।
নাসর ইবন আলী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, এটা এবং ওটা সমান অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠা।
আমর ইবন আলী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) বলেন, আঙ্গুলের জন্য দশ-দশ উট (দিয়াত দিতে হবে)।
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করেন, তখন তিনি তাঁর ভাষণে বলেনঃ আঙ্গুলের জন্য দশ-দশটি উট (দিয়াত দিতে হবে)।
আবদুল্লাহ ইবন হায়সাম (রহঃ) ... আমর ইবন শু'আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ভাষণে বলেন, যখন তিনি কা'বার সাথে হেলান দেওয়া ছিলেন : সব আঙ্গুল সমান।
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করেন, তিনি তাঁর ভাষণে বলেনঃ যে যখমে হাঁড় বেরিয়ে যায়, তাতে পাঁচ-পাঁচটি উট দিয়াত দিতে হবে।।
আমর ইবন মানসূর (রহঃ) ... আবু বকর ইবন মুহাম্মাদ ইবন আমর ইবন হাযম (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসীদেরকে এক চিঠি লেখেন, যাতে ফরয, সুন্নাত এবং দিয়াত সম্বন্ধে লিখছিলেন। আর তিনি তা আমর ইবন হাযমের মাধ্যমে পাঠান। ইয়ামানবাসীদেরকে তা পড়ে শোনানো হয়। তাতে লেখা ছিলঃ এটা নবীমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে শুরাহবিল ইবন আবদে কুলাল, নু'আয়ম ইবন আবদে কুলাল এবং হারিস ইবন আবদে কুলালকে, যারা যী রুআয়ন, মুআফির এবং হামদানের অধিপতি, তাতে লেখা ছিলঃ যে ব্যক্তি কোন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে, আর সাক্ষ্য-প্রমাণে তা প্রমাণিত হবে, তার বদলা নেয়া হবে। তবে যদি নিহত ব্যক্তির ওয়ারিস ক্ষমা করে দেয়, তবে ক্ষমা হবে। তোমাদের জানা দরকার যে, প্রাণের বিনিময় হলো একশত উট, আর যদি সম্পূর্ণ নাক কাটা যায়, তবুও একশত উট। এইভাবে জিহ্বা, ঠোঁট, পুরুষাঙ্গ, পেট এবং হাড়েরও পূর্ণ দিয়াত রয়েছে। আর চক্ষুদ্বয়ের পূর্ণ দিয়াত [একশ উট] রয়েছে। এক পায়ের অর্ধ দিয়াত কিন্তু পদদ্বয়ের পূর্ণ দিয়াত দিতে হবে। এভাবে মস্তিষ্কে পৌছেছে এমন যখমের জন্য অর্ধ দিয়াত। যে যখম পেট পর্যন্ত পৌছে, তাতে এক-তৃতীয়াংশ দিয়াত, যে যখমে হাড় ভেঙে যায়, তাতে পনের উট। আর হাত পায়ের আঙুলে দশটি করে উট, আর এক দাঁতে পাঁচ উট। যে যখমে হাঁড় নড়ে যায়, তাতে পাঁচ উট। আর পুরুষকে নারীর পরিবর্তে হত্যা করা হবে এবং যাদের নিকট স্বর্ণ রয়েছে, তাদের উপর এক হাজার দীনার। মুহাম্মদ ইবন বাক্কার ইবন বিলাল এতে মতভেদ করেন। (তার বর্ণনা নিম্নরূপ) [দেখুন পরের হাদীস]
হায়সাম ইবন মারওয়ান (রহঃ) ... আবু বকর ইবন মুহাম্মদ ইবন আমর ইবন হাযম (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসীদের নিকট একখানা পত্র লিখেন, যাতে ফরয, সুন্নাত এবং দিয়াতের কথা ছিল। তিনি আমর ইবন হাযম-এর মাধ্যমে তা পাঠান। ইয়ামানবাসীদের নিকট তাঁর এই পত্র পড়া হয়। তাতে অনুরূপ বর্ণনা উল্লেখ আছে। তবে তাতে এতটুকু অতিরিক্ত রয়েছে যে, তিনি বলেছেনঃ এক চক্ষুতে অর্ধ দিয়াত, এক হাতে অর্ধ দিয়াত, এক পায়ে অর্ধ দিয়াত। আবূ আবদুর রহমান বলেনঃ ইহা সহীহ হওয়ার অধিক নিকটবর্তী। আল্লাহ্ অধিক অবহিত। ইউনুস (রহঃ) যুহরী (রহঃ) হতে এটি মুরসালরূপে বর্ণনা করেছেন (যা নিম্নরূপ) :
আহমাদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... ইবন শিহাব যুহরী (রহঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঐ পত্রখানা পাঠ করেছি, যা তিনি আমার ইবন হাযমের জন্য লিখেছিলেন, যখন তিনি তাকে নাজরানে প্রেরণ করেছিলেন। ঐ পত্র আবু বকর ইবন হাযমের নিকট রয়েছে। সে বলেছিল, তাতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেনঃ এটা আল্লাহ্ এবং তাঁর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনাঃ হে ঈমানদারগণ! তোমরা অঙ্গীকার পূর্ণ কর এর পরবর্তী কয়েক আয়াত ........... ইনাল্লাহা সারীউল হিসাব অর্থাৎ দ্রুত হিসাবগ্রহণকারী পর্যন্ত। এরপর তিনি লেখেন এটা ফৌজদারি বিধি-বিধান : প্রাণনাশের দিয়াত একশত উট............ইত্যাদি।