hridoy24.com

সুনান আন-নাসাঈ

অধ্যায় ৫১: The Book of Drinks

হাদিস ৫৫৪০–৫৭৫৮ · ২১৯টি

হাদিস ৫৬০০যঈফ (সনদ)

সুওয়ায়দ (রহঃ) ... আবদুল মালিক ইবন তুফায়ল জাযারী (রহঃ) বলেন, উমর ইবন আবদুল আযীয (রহঃ) আমাদের নিকট ফরমান পাঠান যে, তোমরা জ্বালানো দ্রাক্ষারস পান করবে না, যতক্ষণ না তার দুই-তৃতীয়াংশ চলে যায় এবং এক-তৃতীয়াংশ অবশিষ্ট থাকে। আর প্রত্যেক মাদকদ্রব্যই হারাম।

হাদিস ৫৬০১হাসান (সনদ)

সুওয়ায়দ (রহঃ) ... সা'ক ইবন হাযন (রহঃ) বলেন, উমর ইবন আবদুল আযীয (রহঃ) আদী ইবন আরতাত (রহঃ)-কে লিখলেনঃ প্রত্যেক মাদকদ্রব্য হারাম।

হাদিস ৫৬০২সহিহ

আমর ইবন আলী (রহঃ) ... আবূ মূসা আশ'আরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মাদকদ্রব্য হারাম।

হাদিস ৫৬০৩হাসান (সনদ)

সুওয়ায়দ (রহঃ) ... আবূ মূসা (রাঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামানে প্রেরণ করেন, তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! সেখানে বিভিন্ন ধরনের পানীয় পাওয়া যায়। আমি কোন প্রকার পানীয় পান করবো এবং কোন প্রকার বর্জন করবো? তিনি বললেনঃ সেখানে কোন প্রকার পানীয় পাওয়া যায়? আমি বললামঃ 'বিত' এবং 'মিযর'। তিনি বললেনঃ তা কি দিয়ে তৈরি হয়? আমি বললামঃ বিত মধু দ্বারা তৈরি হয় এবং মিযর ভুট্টার দ্বারা। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে শরাবে মাদকতা রয়েছে তা পান করবে না। কেননা আমি প্রত্যেক মাদকতাপূর্ণ শরাবকে হারাম করেছি।

হাদিস ৫৬০৪সহিহ

মুহাম্মাদ ইবন আদম ইবন সুমায়মান (রহঃ) ... আবূ বুরদা (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামানে পাঠান। তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! সেখানে মিযর এবং বিত পাওয়া যায়। তিনি বললেনঃ বিত ও মিযর কী বস্তু? আমি বললামঃ বিত্ এক প্রকার পানীয় যা মধু দ্বারা তৈরি করা হয়; আর মিযর যব দ্বারা তৈরি হয়ে থাকে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যা মাদকতা সৃষ্টি করে, তা-ই হারাম।

হাদিস ৫৬০৫সহিহ (সনদ)

আবু বকর ইবন আলী (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় মদের আয়াত পাঠ করলেন। তখন এক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! মিযর-এর কী বিধান? তিনি বললেনঃ মিযর কী? সে বললোঃ এক প্রকার পানীয়, যা ইয়ামানে তৈরি হয়। তিনি বললেনঃ তাতে মাদকতা আছে কি? সে বললোঃ হ্যাঁ। তিনি বললেনঃ যা মাদকতা সৃষ্টি করে, তা হারাম।

হাদিস ৫৬০৬সহিহ

কুতায়বা (রহঃ) ... আবুল জুওাইরিয়া (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ) এর নিকট কাউকে প্রশ্ন করতে শুনলাম, কেউ তাঁকে বললোঃ আমাকে বাযাক সম্বন্ধে কিছু বলুন, তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় বাযাক ছিল না। আর প্রত্যেক মাদকদ্রব্যই হারাম।

হাদিস ৫৬০৭হাসান সহিহ

উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... আমর ইবন শু‘আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে পানীয় বস্তুর অধিক পানে মাদকতা আসে, তার অল্পও হারাম।

হাদিস ৫৬০৮সহিহ

হুমায়দ ইবন মাখলাদ (রহঃ) ... আমির ইবন সা'দ (রহঃ) তাঁর পিতা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি তোমাদেরকে ঐ পানীয় বস্তুর অল্পও পান করতে নিষেধ করছি, যার অধিক পানে মাদকতা সৃষ্টি হয়।

হাদিস ৫৬০৯সহিহ

মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন আম্মার (রহঃ) ... আমির ইবন সা'দ (রহঃ) তাঁর পিতা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, তিনি ঐ পানীয় বস্তুর অল্পও পান করতে নিষেধ করেছেন, যার অধিক পানে মাদকতা সৃষ্টি হয়।

হাদিস ৫৬১০সহিহ

হিশাম ইব্‌ন আম্মার (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এবার আমি জানলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা রেখেছেন। আমি তাঁর ইফতারের সময় নবীয নিয়ে তাঁর নিকট উপস্থিত হলাম, যা আমি তাঁর জন্য কদুর খােলে তৈরি করেছিলাম। তিনি বললেন, নিকটে আনো। আমি যখন তা নিকটে নিলাম, তখন তা গাজাচ্ছিল। এরপর তিনি বললেনঃ দেওয়ালে ছুঁড়ে মার। কেননা এটা ঐ ব্যক্তির পানীয় যে আল্লাহ এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে না। আবু আবদুর রহমান বলেনঃ এতে মাদকদ্রব্য হারাম হওয়ার প্রমাণ রয়েছে; অল্প হােক বা বেশি। এর বিপরীত সেই আত্মপ্রবঞ্চকদের এ কথা ঠিক নয় যে, পানপাত্রের সর্বশেষ চুমুকটি হারাম, আগে যা পান করেছে, তা হারাম নয়। জ্ঞানীজনের মধ্যে এই বিষয়ে কোন মতপার্থক্য নেই যে, নেশা প্রথম বা দ্বিতীয় চুমুক বা কেবল শেষ চুমুকে আসে তা না; বরং সবগুলো চুমুকের সমষ্টি দ্বারাই নেশা সৃষ্টি হয়।

হাদিস ৫৬১১সহিহ

মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবনুল মুবারক (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার বালা ও রেশমী কাপড় পরিধান করতে, আর রেশমী লাল জীনপপাশে সওয়ার হতে এবং যবের তৈরি শরাব পান করতে নিষেধ করেছেন।

হাদিস ৫৬১২সহিহ

কুতায়বা (রহঃ) ... স'সা (রহঃ) আলী ইবন আবু তালিব (রাঃ)-কে বললেনঃ হে আমীরুল মু'মিনীন! আপনি আমাদেরকে ঐ সকল বস্তু হতে নিষেধ করুন, যা থেকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিষেধ করেছেন। তিনি বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুব্বা এবং হানতাম থেকে নিষেধ করেছেন।

হাদিস ৫৬১৩সহিহ

কুতায়বা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পাথরের পাত্রে নবীয তৈরি করা হতো।

হাদিস ৫৬১৪সহিহ

যে সকল পাত্রে নবীয তৈরি নিষেধ এবং যে সব পাত্রে নিষেধ নয় ৫৬১৪. সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... তাউস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি ইবন উমর (রাঃ)-কে বললো, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির পাত্রে নবীয তৈরি করতে নিষেধ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। তাউস (রহঃ) বলেন, আল্লাহর শপথ! আমি তাঁর নিকট এটা শুনেছি।

হাদিস ৫৬১৫সহিহ

হারূন ইব্‌ন যায়দ ইবন ইয়াযীদ ইবন আবু যারকা (রহঃ) ... তাউস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি ইবন উমর (রাঃ)-এর নিকট এসে বললোঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির পাত্রে নবীয তৈরি করতে : নিষেধ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। ইবরাহীম (রহঃ) তাঁর হাদীসে উল্লেখ করেছেনঃ আর কদুর খােলেও।

হাদিস ৫৬১৬সহিহ (সনদ)

সুওয়ায়দ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামমাটির মটকার তৈরি নবীয় পান করতে নিষেধ করেছেন।

হাদিস ৫৬১৭সহিহ

আলী ইবন হুসায়ন (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানতাম ব্যবহার করতে নিষেধ করেছেন। আমি বললামঃ হাতাম কি? তিনি বললেনঃ হানতাম হলো মাটির তৈরি পাত্র।

হাদিস ৫৬১৮সহিহ

মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল আযীয ইবন আসীদ তাহী বসরী (রহঃ) বলেন, ইবন যুবায়র (রাঃ)-কে মাটির পাত্রে নবীয তৈরি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা থেকে নিষেধ করেছেন।

হাদিস ৫৬১৯সহিহ

আহমদ ইব্‌ন আবদুল্লাহ ইবন আলী ইবন সুওয়ায়দ ইবন মানজূফ (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ইবন উমর (রাঃ)-কে মাটির পাত্রে নবীয প্রস্তুত করা সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। পরে আমি ইব্‌ন আব্বাস (রাঃ)-এর নিকট এসে বললামঃ আজ আমি এমন কথা শুনলাম, যাতে আমি বিস্মিত হয়েছি। তিনি বললেনঃ তা কী? আমি বললামঃ আমি ইবন উমর (রাঃ)-কে মাটির পাত্রে নবীয তৈরি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। তিনি বললেনঃ ইবন উমর (রাঃ) সত্যই বলেছেন। আমি বললামঃ 'জার' কি বস্তু? তিনি বললেনঃ মাটির পাত্র।

হাদিস ৫৬২০সহিহ

আমর ইবন যুরারা (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমর (রাঃ)-এর নিকট ছিলাম। তখন তাকে মাটির পাত্রের নবীয সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। এটা যখন শুনলাম, বিষয়টা আমার কাছে কঠিন মনে হল। তাই আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট গিয়ে তাঁকে বললামঃ ইবন উমর (রাঃ)-কে একটি কথা জিজ্ঞাসা করা হলে তিনি যে উত্তর দিলেন, তা আমার কাছে কঠিন মনে হচ্ছে। তিনি বললেন, সেটা কি? আমি বললামঃ তাঁকে মাটির পাত্রে নবীয তৈরি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এই বলেছেন। তিনি বললেনঃ তিনি ঠিকই বলেছেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। আমি বললামঃ 'জার' কী বস্তু? তিনি বললেনঃ মাটির তৈরি পাত্র।

হাদিস ৫৬২১শায

মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... শায়বানী (রহঃ) বলেন, আমি ইবন আবু আওফা (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ মাটির পাত্রে নবীয তৈরি করতে নিষেধ করেছেন। আমি জিজ্ঞাসা করলামঃ সাদা পাত্রে? তিনি বললেনঃ আমি জানি না।

হাদিস ৫৬২২সহিহ

আবু আবদুর রহমান (রহঃ) ... আবু ইসহাক শায়বানী বলেন, আমি ইব্‌ন আওফা (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ ও সাদা মাটির পাত্রে নবীয তৈরি করতে নিষেধ করেছেন।

হাদিস ৫৬২৩সহিহ

মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আবূ রাজা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হাসান (রাঃ)-কে মাটির পাত্রে নবীয তৈরি সম্পর্কে জিজ্ঞাসা করলামঃ তা কি হারাম? তিনি বললেনঃ তা হারাম। আমার নিকট এমন ব্যক্তি যিনি কখনও মিথ্যা বলেন নি, বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির পাত্র, কাষ্ঠ পাত্র এবং কদুর খোলে নবীয তৈরি করতে নিষেধ করেছেন।

হাদিস ৫৬২৪সহিহ

মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকদুর খোল ব্যবহার নিষেধ করেছেন।

হাদিস ৫৬২৫সহিহ

জাফর ইবন মুসাফির (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল ব্যবহার নিষেধ করেছেন।

হাদিস ৫৬২৬সহিহ

মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদুব্বা এবং আলকাতরা মাখানো কলসির ব্যবহার (অর্থাৎ তাতে নবীয তৈরি করতে) নিষেধ করেছেন।

হাদিস ৫৬২৭সহিহ

মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আলী (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি কদুর খােল এবং আলকাতরা মাখানো কলসি ব্যবহার নিষেধ করেছেন।

হাদিস ৫৬২৮সহিহ (সনদ)

মুহাম্মদ ইবন আবান (রহঃ) ... আবদুর রহমান ইবন ইয়ামুর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি কদুর খোল এবং আলকাতরা মাখানো কলসির ব্যবহার নিষেধ করেছেন।

হাদিস ৫৬২৯সহিহ

কুতায়বা (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল এবং আলকাতরা মাখা কলসে নবীয তৈরি করতে নিষেধ করেছেন।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।