hridoy24.com

সুনান ইবনে মাজাহ

অধ্যায় ১: The Book of Purification and its Sunnah

হাদিস ২৬৭–৬৬৬ · ৪০০টি

হাদিস ৩৫৭সহিহ

। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিম্নোক্ত আয়াত কুবাবাসী সম্পর্কে নাযিল হয়েছে (অনুবাদ) সেখানে এমন লোকও আছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ পছন্দ করেন- (সূরাহ আত্-তওবা: ১০৮)। রাবী বলেন, তারা পানি দিয়ে শৌচ করতো। তাই তাদের প্রশংসায় এ আয়াত নাযিল হয়।

হাদিস ৩৫৮হাসান

। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা করার পর বদনার পানি দিয়ে শৌচ করতেন, অতঃপর তাঁর হাত মাটিতে ঘষতেন। ১/৩৫৮ (১) আবূল হাসান ইবনু সালামাহ, আবূ হাতিম, সাঈদ ইবনু সুলাইমান আল-ওয়াসিতী, শারীক (রহঃ) থেকে এ সানাদে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

হাদিস ৩৫৯হাসান

। জারীর (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝোপের মাঝে প্রবেশ করেন এবং তাঁর প্রাকৃতিক প্রয়োজন পূরণ করেন। জারীর তাঁর নিকট এক পাত্র পানি নিয়ে আসেন। তা দিয়ে তিনি শৌচ করেন এবং তাঁর হাত মাটিতে ঘষেন।

হাদিস ৩৬০সহিহ

। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পানির মশকের মুখ বন্ধ করতে এবং পানপাত্রসমূহ ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন।

হাদিস ৩৬১যঈফ

। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তিনটি পানির পাত্র মুখ বন্ধ করে রেখে দিতামঃ একটি তাঁর উযূ (ওজু/অজু/অযু)র জন্য, একটি তাঁর মিসওয়াকের জন্য এবং একটি তাঁর পান করার জন্য।

হাদিস ৩৬২খুবই যঈফ

। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উযূ (ওজু/অজু/অযু)র পানি ও তাঁর দান-খয়রাত করার মাল কারো নিকট গচ্ছিত রাখতেন না এবং সেই মালও সোপর্দ করতেন না, যা তিনি সদাক্বাহ করতেন। তিনি নিজের তত্ত্বাবধানেই তা সংরক্ষণ করতেন।

হাদিস ৩৬৩সহিহ

। আবূ রাযীন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ হুরায়রা (রাঃ) কে দেখেছি যে, তিনি তার কপালে হাত মেরে বলেছেন, হে ইরাকবাসী! তোমরা মনে করো যে, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি মিথ্যারোপ করছি, যাতে তোমরা সাওয়াবের অধিকারী হও এবং আমি গুনাহর ভাগী হই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, অবশ্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে সে যেন তা সাতবার ধৌত করে।

হাদিস ৩৬৪সহিহ

। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে তা সাতবার ধৌত কর।

হাদিস ৩৬৫সহিহ

। আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পাত্রে কুকুর মুখ দিলে তোমরা তা সাতবার ধৌত করো এবং অষ্টমবারে তা মাটি দিয়ে মাজো।

হাদিস ৩৬৬সহিহ

। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে সে যেন তা সাতবার ধৌত করে।

হাদিস ৩৬৭সহিহ

। কাবশাহ বিনতু কাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি ছিলেন আবূ ক্বাতাদাহ -এর পুত্রবধূ। তিনি আবূ ক্বাতাদাহ -এর উযূ (ওজু/অজু/অযু)র পানি ঢেলে দেন। তখন একটি বিড়াল এসে সেই পানি পান করে। আবূ ক্বাতাদাহ পানির পাত্রটি তার দিকে ঝুঁকিয়ে দিলেন এবং আমি তার দিকে তাকাতে লাগলাম। তিনি বলেন, হে ভাতিজী! তুমি কি বিস্ময়বোধ করছো! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ বিড়াল অপবিত্র নয়। এটা তো তোমাদের আশেপাশে বিচরণকারী বা বিচরণকারিণী।

হাদিস ৩৬৮সহিহ

। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি দিয়ে উযূ (ওজু/অজু/অযু) করেছি, যা থেকে ইতোপূর্বে বিড়াল পানি পান করেছিল।

হাদিস ৩৬৯যঈফ

। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিড়াল সালাত বিনষ্ট করে না। কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত।

হাদিস ৩৭০সহিহ

। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক স্ত্রী একটি বড় পাত্রের পানি দিয়ে গোসল করেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল অথবা উযূ (ওজু/অজু/অযু) করতে আসলে তিনি বলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি অপবিত্র ছিলাম (এবং এই পাত্রের পানি দিয়ে গোসল করেছি)। তিনি বলেনঃ পানি অপবিত্র হয় না।

হাদিস ৩৭১সহিহ

। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক স্ত্রী নাপাকির গোসল করেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোসলের উদ্বৃত্ত পানি দিয়ে উযূ (ওজু/অজু/অযু) ও গোসল করেন।

হাদিস ৩৭২সহিহ

। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী মাইমূনাহ (রাঃ) থেকে বর্ণিত। তার নাপাকির গোসলের উদ্বৃত্ত পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করেন।

হাদিস ৩৭৩সহিহ

। হাকাম ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষকে নারীর উযূ (ওজু/অজু/অযু)র উদ্বৃত্ত পানি দিয়ে উযূ (ওজু/অজু/অযু) করতে নিষেধ করেছেন।

হাদিস ৩৭৪সহিহ

। আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষকে নারীর উযূর উদ্বৃত্ত পানি দিয়ে এবং নারীকে পুরুষের উদ্বৃত্ত পানি দিয়ে উযূ (ওজু/অজু/অযু)-গোসল করতে নিষেধ করেছেন। তবে তারা (স্বামী-স্ত্রী একত্রে গোসল করতে পারে। ইমাম আবূ আবদুল্লাহ ইবনু মাজাহ (রহঃ) বলেন, প্রথমোক্ত বক্তব্যই সঠিক এবং শেষোক্ত বক্তব্য ধারণামাত্র। ২/৩৭৪ (১)। আবুল হাসান ইবনু সালামাহ, আবূ হাতিম ও আবূ ‘উসমান আল-মুহারিবী, আল মু‘আল্লা ইবনু আসাদ (রহ.) থেকে এ সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

হাদিস ৩৭৫যঈফ

। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর স্ত্রী এ পাত্রের পানি দিয়ে গোসল করতেন। তবে তাদের একজন অপরজনের উদ্বৃত্ত পানি দিয়ে গোসল করতেন না।

হাদিস ৩৭৬সহিহ

। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি দিয়ে গোসল করতাম।

হাদিস ৩৭৭সহিহ

। মাইমূনাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি দিয়ে গোসল করতাম।

হাদিস ৩৭৮সহিহ

। উম্মু হানী (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাইমূনাহ একই পাত্রের পানি দিয়ে গোসল করেন, যাতে আটার দাগ লেগেছিল।

হাদিস ৩৭৯সহিহ

। জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর স্ত্রীগণ একই পাত্রের পানি দিয়ে গোসল করতেন।

হাদিস ৩৮০সহিহ

। উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি দিয়ে গোসল করতেন।

হাদিস ৩৮১সহিহ

। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যুগে নারী ও পুরুষেরা একই পাত্রের পানি দিয়ে উযূ (ওজু/অজু/অযু) করতো।

হাদিস ৩৮২হাসান সহিহ

। উম্মু সুবয়াহ আল-জুহানিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একই পাত্রের পানি দিয়ে উযূ (ওজু/অজু/অযু) করার কারণে কখনো কখনো আমার হাতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর হাতের স্পর্শ লাগতো। ইমাম আবূ আবদুল্লাহ ইবনু মাজাহ (রহঃ) বলেন, আমি মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল-বুখারী (রহঃ)-কে বলতে শুনেছি যে, উম্মু সুবয়াহ হলেন খাওলা বিনতু ক্বায়িস। আমি বিষয়টি আবূ যুরআহ (রহঃ)-এর নিকট উত্থাপন করলে তিনি বলেন, মুহাম্মাদ (রহঃ) সত্য বলেছেন।

হাদিস ৩৮৩সহিহ

। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য একত্রে উযূ (ওজু/অজু/অযু) করতেন।

হাদিস ৩৮৪যঈফ

। আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল জ্বীন্ন-এ তাঁকে জিজ্ঞেস করেন, তোমার সাথে উযূর পানি আছে কি? তিনি বলেন, না, তবে একটি পাত্রে কিছু নবীয আছে। তিনি বলেনঃ খেজুরও পবিত্র এবং পানিও পবিত্র। অতঃপর তিনি উযূ (ওজু/অজু/অযু) করলেন।

হাদিস ৩৮৫যঈফ

। আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু মাসঊদ (রাঃ) কে লাইলাতুল জ্বীন্ন-এ বলেনঃ তোমার সাথে পানি আছে কি? তিনি বলেন, না, তবে একটি পাত্রে নবীয আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ খেজুরও পবিত্র এবং পানিও পবিত্র। আমাকে তা ঢেলে দাও। রাবী বলেন, আমি তাঁকে নবীয ঢেলে দেই এবং তিনি তা দিয়ে উযূ (ওজু/অজু/অযু) করেন।

হাদিস ৩৮৬সহিহ

। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বললো, হে আল্লাহ্‌র রাসূল! আমরা সমুদ্রে যাতায়াত করে থাকি এবং আমাদের সাথে খুব কম পানি থাকে। যদি আমরা তা দিয়ে উযূ (ওজু/অজু/অযু) করি, তাহলে পিপাসার্ত হবো। আমরা কি সমুদ্রের পানি দিয়ে উযূ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণীও হালাল।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।