hridoy24.com

সুনান আন-নাসাঈ

অধ্যায় ২২: The Book of Fasting

হাদিস ২০৯০–২৪৩৪ · ৩৪৫টি

হাদিস ২৩০০সহিহ

। ইমরান ইবনু বাক্কার (রহঃ) ... হামযা ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে বিরামহীন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পলন করতাম। তাই অমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলাল্লাহ! আমি সফরকালীন অবস্থায় বিরামহীন সাওম পালন করি। তিনি বললেন, যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।

হাদিস ২৩০১সহিহ

। উবায়াদুল্লাহ ইবনু সা'দ (রহঃ) ... হামযা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র নবী! আমি বিরামহীন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালনকারী ব্যক্তি। তাই আমি কি সফরকালীন অবস্থায় সাওম পালন করব? তিনি বললেন, যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।

হাদিস ২৩০২সহিহ

। উবায়দুল্লাহ ইবনু সা'দ (রহঃ) ... হামযা ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেন আর তিনি সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালনকারী ব্যক্তি ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার ইচ্ছা হয় তবে সাও পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।

হাদিস ২৩০৩সহিহ

। রবী ইবনু সুলায়মান (রহঃ) ... হামযা ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেনঃ আমি সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করার সামর্থ্য রাখি, তাতে কি আমার কোন অসুবিধা হবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সেটা হল আল্লাহ তা'আলার পক্ষ থেকে একটি সুযোগ। অতএব, যে ব্যক্তি তার-সদ্ব্যবহার করল সে ভাল কাজ করল আর যে ব্যক্তি সাওম পালন করতে ভালবাসে তার কোন অসুবিধা নেই।

হাদিস ২৩০৪সহিহ

। মুহাম্মাদ ইবনু ইসমাঈল (রহঃ) ... হামযা ইবনু আমর আসলামী (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেনঃ আমি সফরকালীন অবস্থায় সাওম পালন করতে পারব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করবে আর যদি ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেলবে।

হাদিস ২৩০৫সহিহ

। আলী ইবনু হাসান (রহঃ) ... হামযা ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমি সর্বদা সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালনকারী ব্যক্তি, আমি কি সফরকালীন অবস্থায় সাওম পালন করব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন কর, আর যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।

হাদিস ২৩০৬সহিহ

। মুহাম্মাদ ইবনু সালামা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, হামযা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমি কি সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করব? আর তিনি অধিক সাওম পালনকারী ছিলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন কর আর যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।

হাদিস ২৩০৭হাসান সহিহ

। আমর ইবনু হিশাম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হামযা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমি কি সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।

হাদিস ২৩০৮সহিহ

। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, হামযা আসলামী (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) সম্পর্কে জিজ্ঞাসা করলেন আর তিনি সর্বদা সাওম পালনকারী ব্যক্তি ছিলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন কর আর যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।

হাদিস ২৩০৯সহিহ

। ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা একবার রমযান মাসে সফর করছিলাম। আমাদের কতেক সাওম পালনকারী ছিলেন আর কতেক সাওম ভঙ্গকারী ছিলেন। আমাদের সাওম পালনকারীরাও সাওম ভঙ্গকারীদের তিরস্কার করছিলেন না আর সাওম ভঙ্গকারীরাও সাওম পালনকারীদের তিরস্কার করছিলেন না।

হাদিস ২৩১০সহিহ

। সাঈদ ইবনু ইয়াকুব তালকানী (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফর করছিলাম। আমাদের মধ্যে কতেক সাওম পালনকারী ছিলেন আর কতেক সাওম ভঙ্গকারী ছিলেন কিন্তু আমাদের সাওম পালনকারীরাও সাওম ভঙ্গকারীদের তিরস্কার করছিলেন না আর সাওম ভঙ্গকারীরাও সাওম পালনকারীদের তিরস্কার করছিলেন না।

হাদিস ২৩১১সহিহ

। আবূ বকর ইবনু আলী (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একবার সফর করছিলাম, আমাদের কতেক সাওম পালন করছিলেন আর কতেক সাওম ভঙ্গ করছিলেন।

হাদিস ২৩১২সহিহ

। আইয়্যুব ইবনু মুহাম্মাদ (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) এবং জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, তাঁরা দু'জন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফর করছিলেন, তখন সাওম পালনকারীরা সাওম পালন করতেন আর সাওম ভঙ্গকারীরা সাওম ভঙ্গ করতেন। কিন্তু সাওম পালনকারীরাও সাওম ভঙ্গকারীদের তিরস্কার করতেন না আর সাওম ভঙ্গকারীরাও সাওম পালনকারীদের তিরস্কার করতেন না।

হাদিস ২৩১৩সহিহ

। কুতায়বা (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের বছর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসে সাওম পালন অবস্থায় বের হলেন। যখন কাদীদ নামক স্থানে পৌছলেন তখন সাওম ভঙ্গ করে ফেললেন।

হাদিস ২৩১৪সহিহ

। মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফর করছিলেন এবং সাওম শুরু করে উসফান নামক স্থানে পৌছলেন। তারপর একটি পাত্র চেয়ে নিয়ে দিনের বেলায়ই পান করলেন যাতে লোকজন দেখতে পায়। অতঃপর সাওম ভঙ্গ করে ফেললেন এবং মক্কায় প্রবেশ করে রমযান মাসে মক্কা বিজয় করে ফেললেন। ইবনু আব্বাস (রাঃ) বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরকালীন অবস্থায় সাওম শুরু করে তারপর তা ভঙ্গ করে ফেলেছিলেন। তাই যার ইচ্ছা হয় সে সাওম পালন করবে আর যার ইচ্ছা হয় সে সাওম ভঙ্গ করে ফেলবে।

হাদিস ২৩১৫হাসান

। আমর ইবনু মানসূর (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, সাহাবীদের থেকে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মদীনায় আসলেন। তখন তিনি দ্বিপ্রহরের আহার করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন যে, খেতে এসো। তিনি বললেনঃ আমি তো সাওম পালন করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, আল্লাহ তা'আলা মুসাফির, গর্ভবতী এবং স্তন্য দানকারিণী মহিলার উপর থেকে সাওমকে মুলতবী, অর্ধেক সালাতকে রহিত করে দিয়েছেন।

হাদিস ২৩১৬সহিহ

। কুতায়বা (রহঃ) ... সালামা ইবনু আকওয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ আয়াত অবতীর্ণ হল তখন আমাদের মধ্যে যারা ইচ্ছা করত সাওম ভঙ্গ করে ফেলত এবং ফিদয়া দিত। যখন তার পরবর্তী আয়াত (فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ) অবতীর্ণ হল উক্ত আয়াতের হুকুমকে রহিত করে দিল।

হাদিস ২৩১৭সহিহ

। মুহাম্মদ ইবনু ইসমাঈল (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। আল্লাহ তা'আলার বাণীঃ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ (অর্থঃ আর যাদের সাওম পালন করার সামর্থ্য আছে তারা ইচ্ছা করলে সাওম ভঙ্গ করে একজন মিসকীনকে তার বিনিময়ে খাদ্য দান করতে পারবে) এর ব্যাখ্যায় বর্ণিত আছে, যাদের সাওম পালন করতে খুব বেশী কষ্ট হয় তারা প্রত্যেকটি সাওমের পরিবরর্তে ফিদয়া ,স্বরূপ একজন মিসকীনকে খাদ্য দান করবে। আর যে ব্যক্তি আরো অধিক দান করবে তা তার জন্য উত্তম হবে-এই আয়াতের হুকুম রহিত হয়নি আর যদি তোমরা সাওম পালন কর তবে তা তোমাদের জন্য উত্তম। অত্র আয়াতে সাওম পালনে সামর্থ্যবানদের অব্যাহতি দেওয়া হয়নি বরং অক্ষম এবং এমন অসুস্থ ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়েছে যাদের রোগ মুক্তির আশা নেই।

হাদিস ২৩১৮সহিহ

। আলী ইবনু হুজর (রহঃ) ... মুআযা আদাবীয়া (রহঃ) থেকে বর্ণিত যে, এক মহিলা আয়িশা (রাঃ)-এর কাছে জিজ্ঞাসা করল যে, ঋতুবতী মহিলা যখন ঋতু থেকে পবিত্র হবে তখন কি সে সালাত কাযা করবে? তিনি বললেন, তুমি কি হারুরী গোত্রের মহিলা? আমরা তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে ঋতুবতী হতাম এবং যখন পবিত্র হতাম তখন আমাদেরকে সাওম কাযা করার নির্দেশ দেওয়া হল কিন্তু সালাত কাযা করার নির্দেশ দেওয়া হত না।

হাদিস ২৩১৯সহিহ

। আমর ইবনু আলী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যদি আমার উপর রমযানের সাওম অনাদায়ী থেকে যেত তবে আমি তা পূনরায় শাবান মাস না আসা পর্যন্ত কাযা করতাম না।

হাদিস ২৩২০সহিহ

। আব্দুল্লাহ ইবনু আহমদ (রহঃ) ... মুহাম্মাদ ইবনু সায়ফী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশূরা (আশুরা/আসুরা/আসূরা)-র দিন জিজ্ঞাসা করলেন যে, আজ কি তোমরা কেউ কিছু খেয়েছ? তারা বললেন, আমাদের কেউ কেউ সাওম পালন করছে আর কেউ কেউ সাওম ভঙ্গ করেছে। তখন তিনি বললেন, তবে তোমরা অবশিষ্ট দিন পূর্ণ করে ফেল (না খেয়ে থাক)। আর মক্কা ও মদীনার আশে পাশেও সংবাদ পাঠাও তারাও যেন তাদের দিনের অবশিষ্ট অংশ পূর্ণ করে ফেলে।

হাদিস ২৩২১সহিহ

। মুহাম্মাদ ইবনু মুছান্না (রহঃ) ... সালামা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছিলেন, তুমি আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিন ঘোষণা করে দাও, যে ব্যক্তি না খেয়ে থাকে আর যে ব্যক্তি এখনো কিছু খায়নি সে যেন সাওম পালন করে।

হাদিস ২৩২২হাসান

। আমর ইবনু মানসূর (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাছে আসলেন এবং বললেনঃ তোমার কাছে কি খাওয়ার কিছু আছে? আমি বললাম না; তিনি বললেন, তাহলে আমি সাওমের নিয়্যত করে নিলাম। এরপর তিনি আরেক দিন আমার কাছে আসলেন এবং সে দিন আমাকে কিছু “হায়স”- (খেজুরে এবং ঘি ইত্যাদি দ্বারা প্রস্তুত এক প্রকার খাদ্য), উপহার দেওয়া হয়েছিল, আমি তা থেকে কিছু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য রেখে দিয়েছিলাম। আর তিনি হায়স খুব পছন্দ করতেন। তিনি বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমাকে কিছু হায়স উপহার দেওয়া হয়েছিল, আমি সেখান থেকে আপনার জন্য কিছু পৃথক করে রেখে দিয়েছি। তিনি বললেন, নিয়ে এসো, আমি তো আজকে সকালে সাওমের নিয়্যত করে ফেলেছিলাম, অতঃপর তা থেকে খেলেন। তারপর বললেন, নফল সাওমের হল ঐ ব্যক্তির ন্যায় যে স্বীয় ধন-সম্পদ থেকে দান করার নিয়্যতে কিছু মাল বের করল। এখন সে ব্যক্তি ইচ্ছা করলে তা দানও করতে পারে আবার ইচ্ছা করলে রেখেও দিতে পারে।

হাদিস ২৩২৩হাসান

। আর দাঊদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার কাছে এসে বললেন, তোমার কাছে কি খাওয়ার কিছু আছে? আমি বললাম, আমার কাছে তো কিছুই নেই। তিনি বললেন, তা হলে আমি সাওমের নিয়ত করে নিলাম। আয়িশা (রাঃ) বলেন, অতঃপর তিনি আরেক বার আমার কাছে আসলেন, তখন আমাকে কিছু হায়স উপহার দেওয়া হয়েছিল। আমি উহা তাঁকে দিলাম। তিনি তা খেয়ে ফেললেন। আমি তাতে আশ্চার্যানিত হয়ে গেলাম এবং বললাম ইয়া রাসুলাল্লাহ! আপনি (একবার) সাওম পালনরত অবস্থায় আমার কাছে এলেন তারপর হায়স খেয়ে ফেললেন। তিনি বললেন, হে আয়িশা! হ্যাঁ, যে ব্যাক্তি রমযানের সাওম বা তার কাযা ছাড়া নফল সাওম পালন করে তার তুলনা ঐ ব্যক্তির ন্যায় যে স্বীয় মাল দান করার জন্য বের করল এবং সেখান থেকে যা ইচ্ছা দান করল আর বাকী যা ইচ্ছা ফিরিয়ে নিল।

হাদিস ২৩২৪সহিহ

। আব্দুল্লাহ ইবনু হায়ছাম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেনঃ তোমার কাছে আহারের কিছু আছে কি? আমি বললামঃ না; তিনি বললেন, তাহলে আমি সাওমের নিয়্যত করে ফেললাম। আরেক দিন তিনি আমার কাছে আসলেন তখন আমাকে কিছু হায়স উপহার দেওয়া হয়েছে। তিনি বললেন, আমি তো সকালে সাওমের নিয়্যত করে ফেলেছিলাম, অতঃপর খেলেন।

হাদিস ২৩২৫হাসান সহিহ

। আহমদ ইবনু হারব (রহঃ) ... উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে আসলেন তখন আমরা বললাম যে, আমাদেরকে কিছু হায়স উপহার দেওয়া ছিল। আমরা তার থেকে আপনার জন্য কিছু রেখে দিয়েছিলাম। তিনি বললেন যে, আমি তো সাওমের নিয়্যত করে ফেলেছিলাম অতঃপর তিনি সাওম ভঙ্গ করে ফেললেন।

হাদিস ২৩২৬হাসান সহিহ

। আমর ইবনু আলী (রহঃ) ... উম্মুল মু'মিনীন আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কাছে আসলেন তখন তিনি সাওম পালন করছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে আহারের কিছু আছে কি যা আমাকে খাওয়াতে পার? আমরা বললাম, না; তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি সাওমের নিয়্যত করে নিলাম। এরপর তিনি আয়িশা (রাঃ)-এর কাছে আবার আসলেন তখন আয়িশা (রাঃ) বললেন যে, আমাদেরকে কিছু উপহার দেওয়া হয়েছে তিনি জিজ্ঞাসা করলেন, কি? তিনি বললেন, হায়স, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো সকালে সাওমের নিয়্যত করে ফেলেছিলাম, অতঃপর খেলেন।

হাদিস ২৩২৭হাসান সহিহ

। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... উম্মুল মু'মিনীন আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন তোমার কাছে আহারের কিছু আছে কি? আমি বললাম, না; তিনি বললেন, তাহলে আমি সাওমের নিয়তে করে ফেললাম।

হাদিস ২৩২৮হাসান সহিহ

। আবূ বকর ইবনু আলী (রহঃ) ... আয়েশা বিনত তালহা এবং মুজাহিদ (রহঃ) সুত্রে আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বললেন, তোমার কাছে আহারের কিছু আছে কি? আমি বললাম না; তিনি বললেন, তাহলে আমি সাওমের নিয়্যত করে ফেললাম। রাবী বলেন, তিনি আরেক দিন আসলেন তখন আয়িশা (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমাকে কিছু হায়স উপহার দেওয়া হয়েছে। তিনি তা চেয়ে নিলেন এবং বললেন যে, আজকে সকালে তো আমি সাওমের নিয়্যত করে ফেলেছিলাম। অতঃপর তা খেলেন।

হাদিস ২৩২৯যঈফ

। আমর ইবনু ইয়াহইয়া (রহঃ) ... মুজাহিদ এবং উম্মে কুলসূম (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়িশা (রাঃ)-এর কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে, তোমার কাছে আহারের কিছু আছে কি? রাবী পূর্বের বর্ণনার অনুরূপ বর্ণনা করেছেন।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।