ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দশটি কাজ স্বভাবগতঃ মোচ কাটা, নখ কাটা, অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দেওয়া, বগলের পশম উপড়ে ফেলা, নাভির নিচের পশম কামানো, পেশাবের পর পানি দ্বারা পবিত্রতা অর্জন করা এবং শৌচকর্ম করা। মুসআব ইবন শায়বা (রাঃ) বলেনঃ আমি দশম কথটি ভুলে গেছি, সম্ভবত তা হলো কুল্লি করা।
সুনান আন-নাসাঈ
অধ্যায় ৪৮: The Book of Adornment
হাদিস ৫০৪০–৫৩৭৮ · ৩৩৯টি
মুহাম্মাদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... তালক (রহঃ) থেকে বর্ণিত। দশটি কাজ জন্মগত নিয়মাধীনঃ মিসওয়াক করা, মোচ কাটা, নখ কাটা, আংগুলের গাঁট ও চিপা ধৌত করা, নাভির নিচের পশম মুন্ডানো, নাকে পানি দেওয়া, রাবী বলেন, আমার সন্দেহ হয় যে, তিনি কুল্লি করার কথাও বলে থাকবেন।
কুতায়বা (রহঃ) ... তালক ইবন হাবীব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দশটি কাজ সুন্নতঃ মিস্ওয়াক করা, মোচ কাটা, কুল্লি করা, নাকে পানি দেওয়া, দাড়ি লম্বা করা, নখ কাটা, বগলের চুল উপড়ে ফেলা, খাতনা করা, নাভির নিচের চুল কামাননা, মলদ্বার ধৌত করা।
হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাঁচটি কাজ ফিতরাতের অন্তর্গত : খাৎনা করা, নাভির নিচের চুল কামানো, বগলের নীচের চুল উপড়ে ফেলা, নখ কাটা, মোচ কাটা।
কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, পাঁচটি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত: নখ কাটা, মোচ কাটা, বগলের চুল উঠিয়ে ফেলা, নাভির নিচের চুল কামানো, খাৎনা করা।
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মোচ বিলোপ করবে এবং দাড়ি লম্বা করবে।
আমর ইবন আলী (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা দাড়ি লম্বা করবে এবং গোঁফ বিলোপ করবে।
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... যায়দ ইবন আরকাম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি মোচ কাটে না, সে আমাদের দলভুক্ত নয়।
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছেলেকে দেখলেন যে, তার মাথার কিছু অংশ মুণ্ডিত আর কিছু অংশ অমুণ্ডিত। তিনি এইরূপ করতে নিষেধ করে বললেনঃ তোমরা হয় পূর্ণ মাথা মুড়াবে অথবা পূর্ণ মাথায় চুল রাখবে।
মুহাম্মাদ ইবন মূসা হাবশী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মাথা মুন্ডন করতে নিষেধ করেছেন।
ইমরান ইবন ইয়াযীদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তাআলা আমাকে কাযা করতে (অর্থাৎ মাথার কিছু অংশ মুণ্ডন করে কিছু অংশে চুল রাখতে) নিষেধ করেছেন।
আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা' করতে (মাথার কিছু অংশ মুণ্ডন করে কিছু অংশে চুল রাখতে) নিষেধ করেছেন।
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... ওয়ায়ল ইবন হুজর (রাঃ) বলেন, আমি আমার মাথাভরা চুল নিয়েরাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলে তিনি বললেনঃ অশুভ! আমি মনে করলাম, তিনি আমাকে বলছেন। সুতরাংআমি চুল কেটে ফেললাম। তারপর আবার তাঁর নিকট গেলে তিনি বললেনঃ আমি তোমরা তোমাকে বলিনি। তবে এটা উত্তম।
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল ছিল মধ্যম রকমের, অত্যধিক সোজাও না, আর অধিক কোঁকড়াও না।
কুতায়বা (রহঃ) ... হুমায়দ ইবন আবদুর রহমান হিমইয়ারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এমন এক ব্যক্তির সাথে, আমার সাক্ষাত হলো, যিনি আবূ হুরায়রা (রাঃ)-এর মত চার বছর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংসর্গ লাভ করেছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজ চিরুণী করতে নিষেধ করেছেন।
আলী ইবন হুজর (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন মুগাফফাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি ছাড়া চিরুণী করতে নিষেধ করেছেন।
মুহাম্মদ ইবন বাশার (রহঃ) ... হাসান (রহঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি না দিয়ে চিরুণী করতে নিষেধ করেছেন।
কুতায়বা (রহঃ) ... হাসান এবং মুহাম্মদ (রহঃ) থেকে বর্ণিত যে, তারা বলেন, চিরুণী করতে হবে বিরতি দিয়ে দিয়ে।
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন শাকীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী মিসরের শাসক ছিলেন। তাঁর এক সঙ্গী তাঁর নিকট এসে দেখলো যে, তাঁর চুল এলোমেলা রয়েছে। তিনি বললেনঃ আপনার চুল এলোমেলো কেন? অথচ আপনি একজন শাসক? তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ‘ইরফাহ' করতে নিষেধ করেছেন। আমি জিজ্ঞাসা করলামঃ 'ইরফাহ’ কী? তিনি বললেনঃ প্রতিদিন চিরুণী করা।
মুহাম্মাদ ইবন মা'মার (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানদিক হতে আরম্ভ করাকে পছন্দ করতেন। তিনি ডান হাতে গ্রহণ করতেন, ডান হাতে দান করতেন, প্রত্যেক অবস্থায় তিনি ডানদিক হতে আরম্ভ করা পছন্দ করতেন।
মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন আম্মার (রহঃ) ... বারা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একজোড়া লাল কাপড়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অধিক সুন্দর আর কাউকে দেখিনি। আর তাঁর মাথার চুল কাঁধ স্পর্শ করত।
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল কানের অর্ধেক পর্যন্ত পড়তো।
আবদুল হামিদ ইবন মুহাম্মাদ (রহঃ) ... বারা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একজোড়া কাপড়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা বেশি সুন্দর কাউকে দেখিনি, তাঁর চুল কাঁধের নিকটবর্তী থাকতো।
হাসান ইবন ইসমাঈল (রহঃ) ... হুবায়রাহ ইবন ইয়ারীম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ) বলেন, তোমরা আমাকে কার মত করে কুরআন পড়তে বল, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সত্তর-এরও অধিক সূরা পাঠ করেছি। যখন যায়দ (রাঃ)-এর মাথায় দু'টি চুলের ঝুঁটি ছিল, আর সে ছেলেদের সাথে খেলাধূলা করত (তোমরা আমাকে সেই সেদিনের যায়দের মত করে পড়তে বলছ) ?
ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... আবূ ওয়ায়ল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবন মাসউদ (রাঃ) আমাদের লক্ষ্য করে ভাষণ দিলেন। তাতে তিনি বললেনঃ তোমরা আমাকে যায়দ ইবন সাবিত (রাঃ)-এর মত কুরআন পড়তে বলছ কি করে? অথচ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে শুনে সত্তরেরও অধিক সূরা পাঠ করেছি, যায়দ (রাঃ) তখন ছেলেদের সাথে চলাফেরা করতো এবং তার মাথায় ছিল দু'টি চুলের ঝুঁটি (অর্থাৎ সে তখন নিতান্তই শিশু)।
ইব্রাহীম ইবন মুস্তামির উরকী (রহঃ) ... হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মদীনায় আগমন করলেন, তখন তিনি বললেনঃ তুমি আমার নিকটবর্তী হও। তিনি তার নিকটবর্তী হলে তিনি তাঁর মাথার চুল গুচ্ছে হাত বুলালেন এবং আল্লাহর নাম নিয়ে দু'আ করলেন।
আহমাদ ইবন হারব (রহঃ) ... ওয়ায়ল ইবন হুজর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলাম, তখন আমার মাথায় ছিল লম্বা চুল। তিনি বললেনঃ কুলক্ষণ। আমি মনে করলাম, তিনি আমাকে বলছেন। আমি গিয়ে চুল ছােট করেছিলাম। তিনি বললেনঃ আমি তো তোমাকে বলিনি, তবে এটা উত্তম।
মুহাম্মাদ ইবন সালামা (রহঃ) ... রুয়ায়ফি ইবন সাবিত (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রুয়ায়ফি, হয়তো তুমি আমার পর দীর্ঘদিন বেঁচে থাকবে, তুমি লোকদেরকে বলে দিবেঃ যে ব্যক্তি দাঁড়িতে গিট দিবে বা ধনুকের ছিলা দ্বারা পশুর গলা বাঁধবে বা পশুর গোবর বা হাঁড় দ্বারা ইস্তিঞ্জা করবে, তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন সম্পর্ক নেই।
কুতায়বা (রহঃ) ... আমর ইবন শু‘আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুল উঠাতে নিষেধ করেছেন।
উবায়দুল্লাহ ইবন সা'দ ইবন ইবরাহীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইয়াহূদী ও নাসারা খিযাব লাগায় না, অতএব তোমরা তাদের বিরোধিতা করবে।