hridoy24.com

সুনান আন-নাসাঈ

অধ্যায় ১২: The Book of The At-Tatbiq (Clasping One's Hands Together)

হাদিস ১০২৯–১১৭৮ · ১৫০টি

হাদিস ১০২৯সহিহ

। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... আলকামা এবং আসওয়াদ (রাঃ) থেকে বর্ণিত। তাঁরা উভয়ে আব্দুল্লাহ (রাঃ) এর সাথে তাঁর ঘরে ছিলেন। তিনি বললেন, তারা কি সালাত আদায় করেছে? আমরা বললাম, হ্যাঁ। তিনি তাঁদের ইমামতি করলেন। আর তাঁদের দু'জনের মধ্যে দাঁড়ালেন, আযান ও ইকামত ব্যতীত। তিনি বললেন, তোমরা যখন তিনজন হবে তখন এরূপ করবে, আর যখন এর চেয়ে বেশি লোক হবে তখন তোমাদের মধ্যে একজন ইমাম হবে এবং উভয় হাত রানের উপর বিছিয়ে রাখবে। আমি যেন এখনও দেখছি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতের আদলের মধ্যস্থিত ফাঁক।

হাদিস ১০৩০সহিহ

। আহমদ ইবনু সায়ীদ রুবাতী (রহঃ) ... আসওয়াদ এবং আলকামা (রাঃ) থেকে বর্ণিত। তাঁরা উভয়ে বলেন, আমরা আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর ঘরে তার সঙ্গে সালাত আদায় করলাম। তিনি আমাদের মধ্যে দাঁড়ালেন। আমরা আমাদের হাত রানের উপর রাখলাম। তিনি তা টেনে নিলেন এবং আমাদের অঙ্গুলীসমূহের মধ্যে ফাঁক করে দিলেন এবং বললেন, আমি রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরূপ করতে দেখেছি।

হাদিস ১০৩১সহিহ

। নূহ ইবনু হাবীব (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাত শিক্ষা দিয়েছেন। তিনি দাঁড়িয়ে তাকবীর বললেন, যখন তিনি রুকু করতে ইচ্ছা করলেন, উভয় হাত হাটূদ্বয়ের মধ্যস্থলে রাখলেন, এবং রুকু করলেন। এ সংবাদ সা'দ (রাঃ) এর নিকট পৌছলে তিনি বললেন, আমার ভাই সত্যই বলেছেন। আমরা এরূপ করতাম। তারপর আমরা এরূপ করতে আদিষ্ট হয়েছি অর্থাৎ হাঁটু ধরে রাখতো।

হাদিস ১০৩২সহিহ

। কুতায়বা (রহঃ) ... মুসআব ইবনু সা'দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতার পাশে সালাত আদায় করলাম, আর আমি আমার উভয় হাত আমার হাঁটুদ্বয়ের মধ্যস্থলে রাখলাম। তখন তিনি আমাকে বললেন, তোমার উভয় হাতের তালু তোমার হাঁটুদ্বয়ের উপর রাখ। তিনি বলেন, তারপর আমি তা পুনরায় করলাম। এরপর তিনি আমার হাত ধরে বললেন, আমাদের এরূপ করতে নিষেধ করা হয়েছে এবং আমরা আদিষ্ট হয়েছি হাঁটুর উপর হাত রাখতে।

হাদিস ১০৩৩সহিহ

। আমর ইবনু আলী (রহঃ) ... মুস’আব ইবনু সাদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রুকু করলাম এবং তাতে তাৎবিক (হাত দু'হাঁটুর মাঝে রাখা) করলাম। আমার পিতা বললেন, আমরা আগে এরূপ করতাম। তারপর আমরা আদিষ্ট হয়েছি হাটুতে হাত রাখতে।

হাদিস ১০৩৪সহিহ (সনদ)

। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হাটু জড়িয়ে ধরা তোমাদের জন্য সূন্নত করা হয়েছে। অতএব, তোমরা হাটূ জড়িয়ে ধরবে।

হাদিস ১০৩৫সহিহ (সনদ)

। সুয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... আবূ আবদূর রহমান সালামী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর (রাঃ) বলেছেনঃ সুন্নত হলো হাটু জড়িয়ে ধরা।

হাদিস ১০৩৬সহিহ

। হান্নাদ ইবনু সরী (রহঃ) ... সালিম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আবূ মাসঊদের নিকট আসলাম। তাঁকে বললাম, আমাদেরকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সমন্ধে বর্ণনা করুন। তখন তিনি আমাদের সামনে দাঁড়ালেন এবং তাকবীর বললেন, যখন রুকু করলেন তখন তার উভয় হাতের তালু হাটুদ্বয়ের উপর স্থাপন করলেন। আর তাঁর আঙ্গুলগুলো তার নিচে রাখলেন এবং তার উভয় কনুই পার্শ্বদেশ থেকে দূরে রাখলেন। যাতে তাঁর সকল অঙ্গ সোজা হয়ে গেল। তারপর বললেন, সামিয়ালাহু লিমান হামিদাহ- তখন দাঁড়িয়ে গেলেন। তখন তাঁর সকল অঙ্গ সোজা হয়ে গেল।

হাদিস ১০৩৭সহিহ

। আহমদ ইবনু সুলায়মান রাহাভী (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কি তোমাদের জন্য ঐরূপ সালাত আদায় করব না যেরূপ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি সালাত আদায় করতে? আমরা বললাম, হ্যাঁ, তখন তিনি দাঁড়ালেন। যখন তিনি রুকু করলেন তখন তাঁর হাতদ্বয়ের তালু তাঁর উভয় হাটুর উপর রাখলেন। আর আঙ্গুল সমূহ রাখলেন তাঁর হাটুর নিচের দিকে। আর তার বগল (পার্শ্বদেশ থেকে) পৃথক রাখলেন। তখন তাঁর সকল অঙ্গ সোজা হয়ে গেল। তারপর তিনি তাঁর মাথা উঠালেন এবং দাঁড়িয়ে গেলেন। তখন তাঁর সকল অঙ্গ সোজা হয়ে গেল। তারপর সিজদা করলেন এবং তাঁর বগল (পার্শ্বদেশ থেকে) পৃথক রাখলেন এবং তার সকল অঙ্গ সোজা হয়ে গেল। তারপর বসলেন এবং সকল অঙ্গ সোজা হয়ে গেল, এরপর আবার সিজদা করলেন এবং সকল অঙ্গ সোজা হয়ে গেল। এরূপে চার রাকাআত আদায় করলেন। তারপর বললেন, এরূপই আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাত আদায় করতে দেখেছি। আর তিনি এরূপেই আমাদের নিয়ে সালাত আদায় করতেন।

হাদিস ১০৩৮সহিহ

। ইয়াকুব ইবনু ইবরাহীম (রহঃ) ... সালিম বাররাদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ মাসউদ (রাঃ) বলেছেনঃ আমি কি তোমাদের দেখাব না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন? আমরা বললাম, হ্যাঁ। তখন তিনি দাঁড়িয়ে তাকবীর বললেন, যখন তিনি রুকু করলেন, তার উভয় বগল পৃথক করে রাখলেন। যখন তাঁর সকল অঙ্গ সোজা হয়ে গেল, তিনি তাঁর মাথা উঠালেন, এভাবে তিনি চার রাকআত আদায় করলেন। তারপর বললেন, এভাবে আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাত আদায় করতে দেখেছি।

হাদিস ১০৩৯সহিহ

। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আবূ হুমায়দ সাঈদী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, তখন তিনি সোজা হয়ে যেতেন। তিনি তার মাথা উঁচু করে রাখতেন না আবার ঝুঁকিয়েও রাখতেন না। আর তার উভয় হাত হাটুর উপর রাখতেন।

হাদিস ১০৪০সহিহ

। উবায়দুল্লাহ ইবনু সা'য়ীদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন, রেশম মিশ্রিত কাপড়, রেশমী কাপড় এবং সোনার আংটি থেকে, আর রুকু অবস্থায় কিরাআত থেকে।

হাদিস ১০৪১হাসান সহিহ (সনদ)

। উবায়দুল্লাহ ইবনু সায়ীদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি, রুকু অবস্থায় কিরাআত, রেশম মিশ্রিত কাপড় এবং কুসূম রংয়ের কাপড় থেকে নিষেধ করেছেন।

হাদিস ১০৪২সহিহ

। হাসান ইবনু দাঊদ মুনকাদিরী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন, আর আমি বলি না যে, তোমাদের নিষেধ করেছেন- সোনার আংটি রেশম মিশ্রিত কাপড়, গাঢ় লাল রং-এর কাপড় এবং কুসুম রং-এর কাপড় থেকে নিষেধ করেছেন এবং রুকু অবস্থায় কিরাআত থেকে।

হাদিস ১০৪৩সহিহ

। ঈসা ইবনু হাম্মাদ যুগবা (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি, রেশম মিশ্রিত কাপড়, কুসূম রং-এর কাপড়, রুকু অবস্থায় কিরাআত থেকে নিষেধ করেছেন।

হাদিস ১০৪৪সহিহ

। কুতায়বা (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রেশম মিশ্রিত কাপড়, কুসূম রং-এর কাপড়; সোনার আংটি পরিধান করতে এবং রুকুতে কিরাআত থেকে নিষেধ করেছেন।

হাদিস ১০৪৫সহিহ

। কুতায়বা ইবনু সা'য়ীদ (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা উম্মোচন করলেন, তখন লোক আবূ বকর (রাঃ) এর পেছনে কাতারে দাঁড়ানো ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল! নবুয়তের সুসংবাদ আর অবশিষ্ট থাকবে না, নেক সপ্ন ব্যতীত যা মুসলিম দেখবে এবং তাকে দেখানো হবে। এরপর তিনি বললেন, তোমরা শুনে রেখ! আমাকে নিষেধ করা হয়েছে রুকু অবস্থায় কিরাআত থেকে এবং সিজদা অবস্থায়। রুকুতে তোমরা তোমাদের প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা বর্ণনা কর। আর সিজদায় তোমরা দোয়া করতে চেষ্টা কর। তোমাদের জন্য দোয়া কবুল হওয়ার উপযুক্ত সময় এটাই।

হাদিস ১০৪৬সহিহ

। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... হযায়ফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করেছি। তিনি রুকু করতে গিয়ে বললেন, 'সুবহানা রাব্বিয়াল আজীম' আর সিজদা করতে গিয়ে বললেন, 'সূবহানা রাব্বিয়াল আলা'।

হাদিস ১০৪৭সহিহ

। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় রুকু এবং সিজদায় বলতেনঃ سُبْحَانَكَ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي

হাদিস ১০৪৮সহিহ

। মুহাম্মাদ ইবনু আবদুল আলা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকুতে বলতেনঃ سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلاَئِكَةِ وَالرُّوحِ

হাদিস ১০৪৯সহিহ

। আমর ইবনু মানসুর (রহঃ) ... ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক রাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সালাতে দাঁড়ালাম, যখন তিনি রুকু করলেন, সূরা বাকারা পড়া পরিমাণ সময়, তিনি রুকুতে থেকে বলছিলেনঃ سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ

হাদিস ১০৫০সহিহ

। আমর ইবনু আলী (রহঃ) ... আলী ইবনু আবূ তালিব (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন বলতেনঃ اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَلَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَعِظَامِي وَمُخِّي وَعَصَبِي

হাদিস ১০৫১সহিহ

। ইয়াহইয়া ইবনু উসমান হিমসী (রহঃ) ... জাবির ইবনু আব্দুল্লাহ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, তিনি যখন রুকু করতেন তখন বলতেনঃ اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ أَنْتَ رَبِّي خَشَعَ سَمْعِي وَبَصَرِي وَدَمِي وَلَحْمِي وَعَظْمِي وَعَصَبِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

হাদিস ১০৫২সহিহ

। ইয়াহয়া ইবনু উসমান (রহঃ) ... মুহাম্মদ ইবনু মাসলামা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল সালাত আদায় করতে দাঁড়াতেন তখন রুকু করে বলতেনঃ اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ أَنْتَ رَبِّي خَشَعَ سَمْعِي وَبَصَرِي وَلَحْمِي وَدَمِي وَمُخِّي وَعَصَبِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

হাদিস ১০৫৩হাসান সহিহ

। কুতায়বা (রহঃ) ... রিফাআ ইবনু রাফি বদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল এবং সালাত আদায় করল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখছিলেন। কিন্তু সে তা টের পায়নি। সে সালাত শেষ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তাঁকে সালাম করলে তিনি তার সালামের জওয়াব দিয়ে বললেন, যাও পুনরায় সালাত আদায় কর। কেননা, তুমি সালাত আদায় করনি। তিনি (রাবী) বলেন, আমার স্মরণ নেই, দ্বিতীয়বার কিংবা তৃতীয়বারে সে ব্যক্তি বলল, ঐ সত্তার শপথ! যিনি আপনার প্রতি কিতাব নাযিল করেছেন। আমি তো খুব চেষ্টা করলাম। অতএব, আমাকে শিখিয়ে দিন এবং দেখিয়ে দিন। তিনি বললেন, যখন তুমি সালাত আদায় করতে ইচ্ছা করবে তখন উত্তমরূপে শুরু করবে। তারপর তুমি কিবলার দিকে মুখ করবে। তারপর তাকবীর বলবে, এরপর কুরআন পড়বে, তারপর রুকু করবে ধীরস্থিরভাবে। তারপর মাথা তুলে সোজা দাঁড়িয়ে যাবে। এরপর সিজদা করবে স্থিরভাবে, তারপর মাথা তুলে স্থিরভাবে বসে পড়বে। আবার সিজদা করবে স্থিরভাবে। যখন তুমি এরূপ করলে তখন তুমি তোমার সালাত পুর্ণ করলে। তা থেকে যতটুকু কম করলে, ততটূকু তোমার সালাত থেকে কম করলে।

হাদিস ১০৫৪সহিহ

। মুহাম্মদ ইবনু আবদুল আ'লা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যখন রুকু করবে এবং সিজদা করবে তখন রুকু এবং সিজদা পূর্ণরূপে আদায় করবে।

হাদিস ১০৫৫সহিহ (সনদ)

। হুমায়দ ইবনু নাসর (রহঃ) ... ওয়ায়িল ইবনু হুজর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে সালাত আদায় করেছি। আমি তাকে দেখেছি তিনি হাত উঠাতেন যখন সালাত আরম্ভ করতেন আর যখন রুকু করতেন এবং যখন সামিয়াল্লাহু লিমান হামিদা- বলতেন, এরূপে (এ বলে হাদীসের অন্যতম রাবী) কায়স ইঙ্গিত করলেন উভয় কানের দিকে।

হাদিস ১০৫৬সহিহ

। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... মালিক ইবনু হুয়ায়রিছ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার উভয় হাত উঠাতে দেখেছেন। যখন তিনি রুকু করলেন আর যখন তিনি রুকু থেকে মাথা উঠালেন এসময় হাতদ্বয় কানের লতি পর্যন্ত পৌছত।

হাদিস ১০৫৭সহিহ

এই হাদিসের বাংলা অনুবাদ উৎসে নেই — আরবি পাঠ দেখুন।

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَرْفَعُ يَدَيْهِ إِذَا دَخَلَ فِي الصَّلاَةِ حَذْوَ مَنْكِبَيْهِ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ فَعَلَ مِثْلَ ذَلِكَ وَإِذَا قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏ ‏.‏ قَالَ ‏"‏ رَبَّنَا لَكَ الْحَمْدُ ‏"‏ ‏.‏ وَكَانَ لاَ يَرْفَعُ يَدَيْهِ بَيْنَ السَّجْدَتَيْنِ ‏.‏

হাদিস ১০৫৮সহিহ

। মাহমুদ ইবনু গায়লান মারওয়াযী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কি তোমাদের নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের ন্যায় সালাত আদায় করব না? এরপর তিনি সালাত আদায় করলেন- তখন তিনি একবারের অধিক হাত উঠান নি।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।