hridoy24.com

সুনান আন-নাসাঈ

অধ্যায় ৪৮: The Book of Adornment

হাদিস ৫০৪০–৫৩৭৮ · ৩৩৯টি

হাদিস ৫১৬০সহিহ

যিয়াদ ইবন আইয়্যুব (রহঃ) ... আবুশ শায়খ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমরকে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ পরতে নিষেধ করেছেন, তবে সামান্য পরিমাণ হলে ক্ষতি নেই।

হাদিস ৫১৬১হাসান

মুহাম্মদ ইবন মা'মার (রহঃ) ... আরফাজাহ্ ইবন আসআদ (রাঃ) থেকে বর্ণিত, জাহিলী যুগে কুলাবের যুদ্ধে তাঁর নাক যখম হয়ে যায়। ফলে তিনি রূপার একটি নাক বানিয়ে নেন, কিন্তু তাতে নাকে পচন ধরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে সোনার নাক বানাতে আদেশ দেন।

হাদিস ৫১৬২হাসান

কুতায়বা (রহঃ) ... আরফাজাহ্ ইবন আসআদ (রাঃ) থেকে বর্ণিত। জাহিলী যুগে কুলাব যুদ্ধে তার নাক যখম হয়ে যায়। তখন তিনি রূপার নাক বানিয়ে নেন। কিন্তু তাতে তার নাকে পচন ধরে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সোনার নাক বানিয়ে নিতে বলেন।

হাদিস ৫১৬৩যঈফ (সনদ)

মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন মুহাম্মাদ ইবন কাসীর হাররানী (রহঃ) ... সাঈদ ইবন মুসাইয়্যাব (রহঃ) থেকে বর্ণিত। উমর (রাঃ) সুহায়ব (রাঃ)-কে স্বর্ণের আংটি পরতে দেখে বললেনঃ কী ব্যাপার, আমি যে তোমার পরিধানে সোনার আংটি দেখছি? তিনি বললেনঃ আপনার চেয়ে উত্তম ব্যক্তি এটা দেখেছেন, কিন্তু তিনি কিছু বলেন নি। উমর (রাঃ) বললেনঃ তিনি কে? সুহায়ব (রাঃ) বললেনঃ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

হাদিস ৫১৬৪সহিহ

আলী ইবন হুজুর (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনার আংটি বানিয়ে পরলেন, পরে লোকেরাও সোনার আংটি বানালো। তিনি বললেনঃ আমি এই আংটি পরতাম কিন্তু আমি আর তা কখনও পরবো না। এই বলে তিনি সেটি ফেলে দিলেন। তখন লোক সকল তাদের (সোনার) আংটি ফেলে দিল।

হাদিস ৫১৬৫সহিহ

কুতায়বা (রহঃ) ... হুবায়রা ইবন ইয়ারীম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি ও রেশমী কাপড় পরতে এবং লাল রেশমী গদীতে বসতে, আর যব এবং গমের শরাব পান করতে নিষেধ করেছেন।

হাদিস ৫১৬৬সহিহ

মুহাম্মদ ইবন আদম (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি পরতে, রেশমী কাপড় ব্যবহার করতে এবং লাল রেশমী গদীতে বসতে নিষেধ করেছেন।

হাদিস ৫১৬৭সহিহ

মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন মুবারাক (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি পরতে, লাল রেশমী গদীতে বসতে, রেশমী কাপড় পরতে এবং যব ও গমের শরাব পান করতে নিষেধ করেছেন।

হাদিস ৫১৬৮সহিহ

মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন মুবারক (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি ও রেশমী কাপড় পরতে, লাল রেশমী গদীতে বসতে, আর যব ও গমের শরাব পান করতে নিষেধ করেছেন।

হাদিস ৫১৬৯সহিহ

ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... সা'সা'আ ইবন সুহান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রাঃ)-কে বললামঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা নিষেধ করেছেন, আপনি তা আমাদেরকে বলুন। তিনি বললেনঃ তিনি আমাকে দুব্বা (লাউয়ের খোল), হান্তাম (সবুজ কলস), সোনার আংটি, রেশমী কাপড় এবং লাল রেশমী গদী ব্যবহার করতে নিষেধ করেছেন।

হাদিস ৫১৭০সহিহ

আবদুর রহমান ইবন ইব্রাহীম দুহায়ম (রহঃ) ... মালিক ইবন উমায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সা'সা'আ ইবন সুহান (রহঃ) আলী (রাঃ)-এর নিকট এসে বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে সকল বস্তু হতে নিষেধ করেছেন, আপনি আমাদের সে সকল বস্তু হতে নিষেধ করুন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, দুব্বা, হান্তাম ও নকীর নামক পাত্র ব্যবহার করতে, যব এবং গমের শরাব পান করতে এবং সোনার আংটি, রেশমী কাপড় এবং লাল গদী ব্যবহার করতে।

হাদিস ৫১৭১সহিহ

কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... মালিক ইবন উমায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাসা'আ ইবন সুহান (রহঃ) আলী (রাঃ)-কে বললেনঃ হে আমিরুল মু'মিনীন! আপনি আমাদেরকে ঐ সকল বস্তু হতে নিষেধ করুন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা হতে নিষেধ করেছেন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন দুব্বা ও হান্তাম ব্যবহার করতে এবং যব এবং গমের নবীয পান করতে, সোনার আংটি, রেশমী কাপড় এবং লাল রেশমী গদী ব্যবহার করতে।

হাদিস ৫১৭২সহিহ

আবু দাউদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন, তিনটি বস্তু হতে; আমি এ বলি না যে, তিনি অন্যান্য লোকদেরকেও নিষেধ করেছেন। তিনি আমাকে নিষেধ করেছেনঃ সোনার আংটি, রেশমী কাপড় এবং লাল কুসুম রঙের পোশাক ব্যবহার করতে। আর রুকূ এবং সিজদা অবস্থায় কুরআন তিলাওয়াত করতে।

হাদিস ৫১৭৩সহিহ

হাসান ইবন দাউদ মুনকাদিরী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন, আমি বলি না যে, তিনি তোমাদেরকেও নিষেধ করেছেন, সোনার আংটি বানাতে, রেশমী কাপড় পরতে, লাল কুসুম রঙের কাপড় করতে এবং রুকূতে কুরআন পড়তে।

হাদিস ৫১৭৪সহিহ

মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন আব্দুর রহীম বারকী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন রুকূ অবস্থায় কুরআন পাঠ করতে; সোনার আংটি ও কুসুম রঙের কাপড় পরতে।

হাদিস ৫১৭৫হাসান সহিহ

হাসান ইবন কায'আ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন, আমি বলি না যে, তোমাদেরকেও নিষেধ করেছেন। তিনি আমাকে নিষেধ করেছেনঃ রুকূ অবস্থায় কুরআন পাঠ করতে এবং সোনা ও কুসুম রঙের কাপড় ব্যবহার করতে।

হাদিস ৫১৭৬সহিহ

হারূন ইবন মুহাম্মাদ ইবন বাক্কার ইবন বিলাল (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন সোনার আংটি তৈরি করতে, কুসুম রঙের কাপড় পরতে, রেশমী কাপড় পরতে এবং রুকূতে কুরআন পড়তে।

হাদিস ৫১৭৭সহিহ

আবু বকর ইবন আলী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রেশমী কাপড়, কুসুম রঙের কাপড় এবং সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।

হাদিস ৫১৭৮সহিহ

ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চার বস্তু থেকে– সোনার আংটি ব্যবহার করতে, রেশমী কাপড় পরতে, রুকূ অবস্থায় কুরআন পড়তে এবং কুসুম রঙের কাপড় পরতে নিষেধ করেছেন।

হাদিস ৫১৭৯সহিহ

হুসায়ন ইবন মানসূর ইবন জা'ফার নিশাপুরী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কুসুম রঙের কাপড়, রেশমী কাপড় এবং সোনার আংটি ব্যবহার করতে, আর রুকূ অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।

হাদিস ৫১৮০সহিহ

হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... হারব ইন শাদ্দাদ ইয়াহইয়া থেকে, তিনি আমর ইবন সাঈদ ফাদাকী থেকে, তিনি নাফি’ থেকে, তিনি ইবন হুনায়ন থেকে এবং তিনি আলী (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কুসুম রঙের কাপড়, সোনার আংটি ও রেশমী কাপড় ব্যবহার করতে এবং রুকূ অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।

হাদিস ৫১৮১সহিহ

কুতায়বা (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসুম রঙের লাল কাপড়, রেশমী কাপড় পরতে এবং রুকূ অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।

হাদিস ৫১৮২

মাহমূদ ইবন খালিদ (রহঃ) ... আবু আমর যাওয়াঈ ইয়াহইয়া থেকে এবং তিনি আলী (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাকে নিষেধ করেছেন এভাবে হাদীসের শেষ পর্যন্ত বর্ণিত হয়েছে।

হাদিস ৫১৮৩সহিহ

উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... উবায়দা (রহঃ) থেকে বর্ণিত। তিনি আলী (রাঃ) থেকে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রেশমী কাপড়, সোনার আংটি ব্যবহার করতে এবং রুকূ অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।

হাদিস ৫১৮৪সহিহ

আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... উবায়দা (রহঃ) আলী (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রেশমী গদী ও রেশমী কাপড় পরিধান করতে এবং সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।

হাদিস ৫১৮৫সহিহ

কুতায়বা (রহঃ) ... উবায়দা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রেশমী গদী ও সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।

হাদিস ৫১৮৬সহিহ

আহমাদ ইবন হাফস (রহঃ) ... হাজ্জাজ ইবন হাজ্জাজ কাতাদা হতে, তিনি আবদুল মালিক ইবন উবায়দ হতে, তিনি বাশীর ইবন নাহীক হতে এবং তিনি আবূ হুরায়রা (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি পরতে নিষেধ করেছেন।

হাদিস ৫১৮৭সহিহ

ইউসুফ ইবন হাম্মাদ মা'আনী (রহঃ) ... ইমরান (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী কাপড় পরতে, সোনার আংটি ও হান্তাম পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন।

হাদিস ৫১৮৮সহিহ

আহমদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে, নাজরানের এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি-এর নিকট আসলো, তার হাতে ছিল সোনার আংটি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেনঃ তুমি আমার নিকট এসেছ, অথচ তোমার হাতে রয়েছে আগুনের অঙ্গার।

হাদিস ৫১৮৯যঈফ (সনদ)

আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... বারা ইবন আযিব (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ব্যক্তি সোনার আংটি হাতে পরে বসা ছিল। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ছিল একটি ছড়ি। তিনি ঐ ছড়ি দিয়ে তার আঙ্গুলে আঘাত করলেন। তখন ঐ ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি কি অপরাধ করেছি? তিনি বললেনঃ শোন, তোমার আঙ্গুল হতে এটা খুলে ফেল। ঐ ব্যক্তি তা খুলে ফেলে দিল। পরে তিনি তাকে দেখে জিজ্ঞাসা করলেনঃ তোমার আংটি কোথায়? লোকটি বললোঃ আমি তা ফেলে দিয়েছি। তিনি বললেনঃ আমি তোমাকে তা ফেলে দিতে বলিনি। আমি বলেছিলাম, তুমি তা বিক্রি করে নিজের কাজে লাগাও।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।