hridoy24.com

সুনান আন-নাসাঈ

অধ্যায় ৪৮: The Book of Adornment

হাদিস ৫০৪০–৫৩৭৮ · ৩৩৯টি

হাদিস ৫১৯০সহিহ

আমর ইবন মানসূর (রহঃ) ... আবূ সালাবা খুশানী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার হাতে সোনার আংটি দেখলেন। তখন তিনি তাঁর লাঠি দ্বারা তাতে আঘাত করতে লাগলেন। যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যমনস্ক হলেন, তখন তিনি তা ফেলে দিলেন। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাকে কষ্ট দিলাম এবং তোমার ক্ষতি করলাম।

হাদিস ৫১৯১যঈফ

আহমদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবু ইদরিস খাওলানী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের একজন সোনার আংটি পরলেন—তারপর পূর্বের অনুরূপ।

হাদিস ৫১৯২যঈফ

আহমাদ ইবন ইবরাহীম (রহঃ) ... আবূ ইদরীস খাওলানী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখলেন। তারপর পূর্বের অনুরূপ।

হাদিস ৫১৯৩সহিহ

আবু বকর ইবন আলী (রহঃ) ... আবূ ইদরিস (রাঃ) থেকে বর্ণিত যে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখে তাঁর হাতের লাঠি দিয়ে তার আঙ্গুলে আঘাত করলেন। ফলে সে তা খুলে ফেলে দিল।

হাদিস ৫১৯৪

আবু বকর আহমদ ইবন আলী মারওয়াযী (রহঃ) ... ইবন শিহাব (রহঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ... অতঃপর তিনি পূর্বের অনুরূপ বর্ণনা করেন। তবে তার বর্ণনা মুরসাল।

হাদিস ৫১৯৫যঈফ

আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন এক ব্যক্তি আসলো, যার হাতে ছিল একটি লোহার আংটি। তিনি বললেনঃ তোমার হাতে দোযখীদের পোশাক দেখছি কেন? তখন সে ব্যক্তি তা খুলে ফেলে দিল। দ্বিতীয়বার যখন সে আসলো, তখন তার হাতে ছিল পিতলের আংটি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন? তখন সে তা ফেলে দিল এবং বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! তা কী দিয়ে তৈরি করবো? তিনি বললেনঃ রূপা দিয়ে, আর তা এক মিসকাল পূর্ণ করবে না (অর্থাৎ যেন সাড়ে চার মাষা হতে কম হয়)।

হাদিস ৫১৯৬সহিহ

আব্বাস ইবন আবদুল আযীম আনবারী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরূপার একটি আংটি তৈরি করান যার নগীনা ছিল হাবশী পাথরের, আর তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' অঙ্কিত ছিল।

হাদিস ৫১৯৭সহিহ

আবু বকর ইবন আলী (রহঃ) ... আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল রৌপ্য নির্মিত। তিনি তা ডান হাতে পরতেন, এর নগীনা ছিল হাবশী পাথরের। তিনি তার নগীনা হাতের তালুর দিকে রাখতেন।

হাদিস ৫১৯৮সহিহ

মুহাম্মদ ইবন খালিদ ইবন খালী হিমসী (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল রূপার এবং তার নগীনাও ছিল রূপার।

হাদিস ৫১৯৯সহিহ

আবূ বকর ইবন আলী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল রূপার নির্মিত এবং এর নগীনাও ছিল রূপার।

হাদিস ৫২০০সহিহ

আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল রূপার এবং নগীনাও ছিল রূপার।

হাদিস ৫২০১সহিহ

হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশাহর নিকট পত্র লিখতে মনস্থ করলেন, লোকেরা তাঁর নিকট বললেনঃ রোমের লোকেরা সিলমোহর ব্যতীত কোন পত্র পাঠ করে না। এরপর তিনি রূপার একটি আংটি বানিয়ে নেন। যেন আমি এখনও তাঁর হাতে তার শুভ্রতা দেখতে পাচ্ছি। তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' অঙ্কিত ছিল।

হাদিস ৫২০২সহিহ

আহমাদ ইবন উসমান আবূ জাওযা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতে অর্ধরাত্রি পর্যন্ত দেরী করলেন, পরে তিনি বের হয়ে আমাদের সাথে সালাত আদায় করলেন। আমি যেন এখনও তাঁর হাতে রৌপ্য নির্মিত আংটির শুভ্রতা অবলোকন করছি।

হাদিস ৫২০৩সহিহ

রবী ইবন সুলায়মান (রহঃ) ... আবু সালামা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতে আংটি পরতেন।

হাদিস ৫২০৪সহিহ

মুহাম্মাদ ইবন মা'মার (রহঃ) ... আবদুল্লাহ ইবন জাফার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতে আংটি পরতেন।

হাদিস ৫২০৫যঈফ

আমর ইবন আলী (রহঃ) ... মু'আয়কীব (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল লোহার, যাতে রূপা জড়ানো ছিল। তিনি বলেন, কোন সময় তা আমার হাতেও থাকতো। মু'আয়কীব (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটির রক্ষক ছিলেন।

হাদিস ৫২০৬যঈফ

আলী ইবন মুহাম্মদ ইবন আলী মিসসীসী (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বাহরায়ন থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলো। সে সালাম করলে, তিনি তার সালামের জবাব দিলেন না। তার হাতে সোনার আংটি ছিল এবং পরনে ছিল রেশমী জুব্বা। সে উভয়টি খুলে ফেলল। তারপর এসে সালাম করল। এবার তিনি তার সালামের জবাব দিলেন। সে ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমি এইমাত্র আপনার নিকট উপস্থিত হয়েছিলাম, কিন্তু আপনি আমার প্রতি ভ্রুক্ষেপ করেন নি। তিনি বললেনঃ তখন তোমার হাতে ছিল একটি অঙ্গার। সে বললোঃ এখন আমি অনেক অঙ্গার এনেছি। তিনি বললেনঃ তুমি যা এনেছ, তা আমাদের নিকট হাররার পাথরখণ্ড হতে উত্তম নয়। তবে হ্যাঁ, তা পার্থিব সম্পদ বটে। সে বললোঃ তবে আমি কি দিয়ে আংটি বানাব? তিনি বললেনঃ লোহা, রূপা বা পিতলের রিং বানিয়ে নেবে।

হাদিস ৫২০৭সহিহ (সনদ)

মুহাম্মদ ইবন বাশার (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হলে দেখা গেল, তাঁর হাতে একটি রূপার আংটি রয়েছে। তিনি বললেন, যার ইচ্ছা হয়, সে এইরূপ আংটি বানাতে পারে; কিন্তু এর উপর যে নকশা করা আছে, এরূপ নকশা যেন না করে।

হাদিস ৫২০৮সহিহ

আবু দাউদ সুলায়মান ইবন সায়ফ হাররানী (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি তৈরি করান এবং তাতে একটা নকশা করান। এরপর তিনি বললেনঃ আমি আংটি বানিয়ে তাতে নকশা করিয়েছি। তোমাদের কেউ যেন ঐরূপ নকশা না করায়। আনাস (রাঃ) বলেন, আমি যেন তাঁর হাতে তার শুভ্রতা এখনও দেখতে পাচ্ছি।

হাদিস ৫২০৯যঈফ

মুজাহিদ ইবন মূসা খুওয়ারাযমী (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মুশরিকদের আগুন হতে আলো গ্রহণ করবে না আর তোমরা তোমাদের আংটিতে আরবী নকশা করবে না।

হাদিস ৫২১০সহিহ

মুহাম্মাদ ইবন মানসূর (রহঃ) ... আবূ বুরদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) বলেছেনঃ আমাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলার নিকট হিদায়াত এবং সঠিকভাবে কার্য নির্বাহের তওফীক কামনা কর। আর তিনি আমাকে নিষেধ করেছেন এই-এই আঙ্গুলে আংটি পরতে। এরপর তিনি ইঙ্গিত করলেন, তর্জনী ও মধ্যমা আঙ্গুলের দিকে।

হাদিস ৫২১১সহিহ

মুহাম্মদ ইবন মুসান্না ও মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই-এই আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেছেন। অর্থাৎ তর্জনী ও মধ্যমা আঙ্গুলে।

হাদিস ৫২১২সহিহ

ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ বল, হে আল্লাহ! আমাকে হিদায়ত দান কর এবং আমাকে সঠিকভাবে কার্য নির্বাহের তওফীক দাও। আর তিনি আমাকে এই-এই আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেছেন। তিনি ইঙ্গিত করলেন, তর্জনী ও মধ্যমা আঙ্গুলের প্রতি।

হাদিস ৫২১৩যঈফ

মুহাম্মদ ইবন ইসমাঈল ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামযখন পায়খানায় প্রবেশ করতেন, তখন তাঁর আংটি খুলে রাখতেন।

হাদিস ৫২১৪সহিহ

ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি বানালেন এবং তার নগীনার দিক হাতের তালুর দিকে রাখলেন। পরে লোকেরাও সোনার আংটি বানালে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আংটি খুলে ফেলে দিলেন এবং বললেনঃ আমি এটা আর কখনও পরবাে না। তখন লোকজন তাদের আংটি খুলে ফেললো।

হাদিস ৫২১৫সহিহ

ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসোনার আংটি বানিয়ে এর নগীনা হাতের তালুর দিকে রাখলেন। লোকজনও এরূপ আংটি বানালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসেটি ফেলে দিয়ে বললেনঃ আমি তা আর কখনও পরবাে না।

হাদিস ৫২১৬সহিহ

মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযীদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি বানিয়েছিলেন, পরে তা ফেলে দিয়ে রূপার আংটি পরলেন, যাতে তিনি 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' নকশা করিয়ে নেন। তিনি বলেনঃ আমার এই আংটিতে যে নকশা রয়েছে, এরূপ নকশা কারো জন্য করানো উচিত নয়। এরপর তিনি তার নগীনা তাঁর হাতের তালুর দিকে রাখতেন।

হাদিস ৫২১৭হাসান (সনদ)

মুহাম্মদ ই মামার (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন ধরে একটি সোনার আংটি পরলেন। তাঁর সাহাবীগণ তা দেখে তাঁরাও সোনার আংটি বানানো আরম্ভ করলেন। এরপর তিনি তাঁর আংটি খুলে ফেলে দিলেন। পরে তার কি হয়েছে আমি জানি না। এরপর তিনি একটি রূপার আংটি বানাতে বললেন এবং তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' নকশা করতেও আদেশ দিলেন। এই আংটি তাঁর ইন্তেকাল পর্যন্ত হাতে ছিল। পরে আবূ বকর (রাঃ)-এর হাতে ছিল তাঁর মৃত্যু পর্যন্ত। এরপর উমর (রাঃ)-এর হাতে ছিল তাঁর মৃত্যু পর্যন্ত। পরে এই আংটি উসমান (রাঃ)-এর হাতে ছয় বৎসর পর্যন্ত ছিল। যখন তাঁর সময় বহু চিঠিপত্র লেখার প্রয়োজন হলো, তখন তিনি তা এক আনসার সাহাবীকে দেন যা দ্বারা সিলমোহর করা হতো। একদিন ঐ ব্যক্তি উসমান (রাঃ)-এর একটি কূপের নিকট গমন করলে তা কূপে পড়ে যায়; বহু তালাশের পরও তা পাওয়া যায়নি। পরে উসমান (রাঃ) অনুরূপ আর একটি আংটি তৈরির আদেশ দেন; যাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' অঙ্কিত ছিল।

হাদিস ৫২১৮শায

কুতায়বা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনার আংটি পরলেন, আর এর নগীনা তাঁর হাতের তালুর দিকে রাখলেন। পরে অন্য লোকজন সোনার আংটি তৈরি করে পরতে লাগলো। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আংটি ফেলে দিলেন। ফলে তারাও তাদের আংটি ফেলে দিল, পরে তিনি রূপার একটি আংটি বানিয়ে নেন এবং তা দিয়ে সিল মোহর করাতেন। তিনি তা পরতেন না।

হাদিস ৫২১৯সহিহ

মুহাম্মদ ইবন উসমান (রহঃ) ... আবু বকর ইবন আবূ শায়খ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সালিম (রহঃ)-এর নিকট উপবিষ্ট ছিলাম, এমন সময় উম্মুল বনীনের কাফেলা আমাদের পাশ থেকে বের হলো। তাদের সাথে ছিল অনেক ঘন্টা। তখন সালিম (রহঃ) নাফের নিকট তার পিতার সূত্রে বর্ণনা করলেন যে, ফেরেশতা ঐ কাফেলার সাথে থাকেন না, যার সাথে ঘন্টা থাকে। আর এদের সাথে তোমরা বহু ঘন্টা রয়েছে।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।